বিএসএফের গুলিবর্ষণে একজন গুলিবিদ্ধ

গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তে বিএসএফ বাংলাদেশী গরু পারাপারকারিদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে বাংলাদেশী শামীম হোসেন হোলা (২৩) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এলাকাবাসি ও বিজিবি জানিয়েছে, সীমান্তের ৮৪০ নম্বর মেইন ও ৭ নম্বর সাব পিলারের নিকটবর্তী সীমান্তে নিয়ে আসা ভারতীয় গরু ব্যবসায়ীদের গরু গমির উদ্দিনের ছেলে শামীম হোসেন ওরফে হোলাসহ ৩/৪ জন গরু পারাপারকারি আনতে গেলে ভারতীয় ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের কুচবিহার চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের টহল দলের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। বিএসএফের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে হোলা মারাত্মকভাবে আহত হয়। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহ্বুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ‘ওই সীমান্তে বৃহস্পতিবার (২০ জুন) বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।’