দৌলতদিয়ায় পাঁচ ফেরি নষ্ট আটকে আছে কয়েকশ’ ট্রাক
আব্দুল আউয়াল, গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা :
প্রকাশ : ২০ জুন ২০১৩, ২১:১২
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পাঁচটি ফেরি নষ্ট হয়ে ডকইয়ার্ডে রয়েছে। ফেরি সংকটের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। চারদিন ধরে দৌলতদিয়ায় কয়েক’শ পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য গাড়ি আটকে রয়েছে। বিআইডব্লি¬উটিসি সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া রুটের জন্য ১১টি রো রো ও ৩টি কে-টাইপ ফেরি বরাদ্দ থাকলেও যান্ত্রিক ক্রটির কারণে অর্ধেক ফেরিই নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে রাখা হয়েছে। রবিবার সকালে ইঞ্জিনের ক্রটির কারণে রো রো ফেরি শাহ পরানকে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রাখা হয়েছে। আগেরদিন শনিবার ভাষা শহীদ বরকত, এক সপ্তাহ আগে আমানত, তার প্রায় পনের দিন আগে কেরামত আলী বিকল হলে নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয়। এছাড়া প্রায় ছয় মাস আগে বড় ধরনের যান্ত্রিক ক্রটির কারণে বিকল হওয়া ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে ডকইয়ার্ডে পাঠানো হলে মেরামত শেষে এখনো আনা হয়নি। ফলে কয়েক মাসের মধ্যে এই রুটের ৬টি রো রো (বড়) ফেরি বিকল হওয়ায় বর্তমানে মাত্র ৬টি রো রো ফেরি চলাচল করছে। তিনটি কে-টাইপ(ছোট) ফেরি থাকলেও একটি নিয়মিত দৌলতদিয়া-নগরবাড়ি-পাটুরিয়া রুটে যানবাহন পারাপারে ব্যস্ত থাকে। এখন নিয়মিত ৬টি বড় ও দুইটি ছোট ফেরি দিয়ে যানবাহন আনা-নেয়া করছে। গত সোমবার দুপুরে দেখা যায়, ফেরিঘাট থেকে পেট্রোল পাম্প পর্যন্ত এক কিলোমিটারেরও বেশি লম্বা দুই/তিন সারি এবং পাম্পের পর থেকে আরো দেড় কিলোমিটার লম্বা এক সারি পণ্যবাহী কয়েক’শ ট্রাক আটকে আছে। দৌলতদিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ এস.আই হাবিব তরফদার বলেন, ডিউটি থেকে চলে আসলেই শুরু হয়ে যায় আগে যাওয়ার প্রতিযোগিতা। এজন্য আমাদের কিছু পুলিশ সদস্য ও স্থানীয় দালালরাও দায়ী। তবে কেউ নির্দিষ্ট অভিযোগ দিয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। বিআইডব্লি¬উটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, ফেরি সংকট দেখা দিলেই যানজট দেখা দেয়। এ সুযোগে স্থানীয় কিছু দালালের তত্পরতা বেড়ে যায়।