সিংড়ায় কৃষকের গরুতে সন্ত্রাসীদের ভূরিভোজ
প্রকাশ : ২০ জুন ২০১৩, ২১:১২
নাটোরের সিংড়ায় রহমত আলী (৫০) নামে এক কৃষকের গরু ছিনিয়ে প্রকাশ্য জবাই করে ভুরিভোজ করলো এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। এ সময় আনোয়ার হোসেনের নেতৃত্বে তার বাহিনী পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে গোয়ালের গরু, ২০ বস্তা ধান ও ১ জোড়া কানের দুল নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে চলনবিলের দুর্গম এলাকা সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঠেঙ্গাপাকুরিয়া গ্রামে। এ ব্যাপারে সিংড়া থানায় ৩০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে আনোয়ার হোসেনের নেতৃত্বে তার বাহিনী রহমত আলীর বাড়িতে হানা দেয়। এসময় দেশি অস্ত্রে সজ্জিত হয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে গরু, ধান ও মুক্তি নামে এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নেয়। পরে গরুটি জবাই করে ভুরিভোজ ও উল্লাস করে। এতে এলাকায় আতংক বিরাজ করছে। সিংড়া থানার ওসি এ এইচ এম ফয়জুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে ঐ পরিবার থানায় এজাহার দায়ের করেছে।