ভাবীর উপর রাগ করে তিন বোনের বিষপান, মৃত ১

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্বনতুনপাড়া গ্রামে গত মঙ্গলবার আত্মহত্যার উদ্দেশ্যে একই সঙ্গে তিন বোনের বিষপানের ঘটনা ঘটে। বুধবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়। অন্য দু’জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ এবং স্থানীয় চন্দ্রঘোনা ক্রিষ্টিয়ান হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। জানা গেছে, পিতৃমাতৃহীন তিন কিশোরী ইয়াসমীন, শারমিন ও তানজু প্রবাসী বড়ভাই মোহাম্মদ ওসমানের পরিবারে বসবাস করত। কিন্তু ভাবীর সঙ্গে তাদের বনিবনা না হওয়ায় প্রায়ই সময় ঝগড়া-বিবাদ লেগে থাকত। ভাবী মমতাজ বেগম তাদের উপর অমানুষিক নির্যাতন চালায় বলে অভিযোগ। অনেক সময় তাদেরকে অভুক্ত অবস্থায় দিনাতিপাত করতে হয়। ভাবীর অব্যাহত নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনবোন আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার তারা একসঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করে। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়া হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তানজুর মৃত্যু ঘটে।