সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগ থেকে যারা মনোনয়ন পেলেন তারা হলেন, চাঁদপুর-১ কচুয়া উপজেলা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান এম পি ড. মহীউদ্দীন খান আলমগীর, এ আসনের জন্য নতুন আরেকটি মুখ মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান, সাবেক সিনিয়র সচিব মো. গোলাম হোসেন। চাঁদপুর-২ মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা। এ আসনে বর্তমান এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে মনোনয়ন দেওয়া হয়েছে। চাঁদপুর-৩ চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা। এখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বর্তমান এমপি ডা. দীপু মনিকে মনোনয়ন দেওয়া হয়েছে। চাঁদপুর-৪ ফরিদগঞ্জ উপজেলা। এই আসনে বর্তমান এমপি ড. শামছুল হক ভুঁইয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে। চাঁদপুর-৫ হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা। এই আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান এমপি মেজর অব. রফিকুল ইসলাম, বীর উত্তমকে মনোনয়ন দেওয়া হয়েছে। মেজর অব. রফিকুল ইসলাম এমপি গতকাল সোমবার বিকালে জেলা রির্টানিং অফিসারের নিকট নিজে এসে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকিরা পর্যায়ক্রমে যার যার সুবিধামতো মনোনয়নপত্র জমা দিবেন বলে জানা গেছে।