টিএমএসএস-এর অটোমেশনে ডাটাসফটের সফটওয়্যার
প্রকাশ : ২২ জুন ২০১৩, ২০:১৪
সম্প্রতি ডাটাসফট সিস্টেমস এবং ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)-এর মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় টিএমএসএস তাদের বর্তমান ৫৪৩টি শাখা অফিস, ১টি প্রধান কার্যালয় এবং ভবিষ্যতে ১০৭টি শাখাসহ সর্বমোট ৬৫১টি শাখার ক্ষুদ্রঋণ কার্যক্রমকে অটোমেটেড করার জন্য চুক্তিবদ্ধ হন। ডাটাসফটের মাইক্রোফিন ৩৬০ সফটওয়্যার ব্যবহার করে অটোমেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম ও ডাটাসফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চুক্তিপত্র সম্পন্ন শেষে ডাটাসফটের মাইক্রোফিন টিমের সদস্যবৃন্দ তাদের ওয়েব সার্ভিসের নতুন মোবাইল সংস্করণটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই সংস্করণটির নাম দেওয়া হয়েছে ‘মাইক্রোফিন ৩৬০: ভার্সন টিএমএসএস’। মোবাইল সংস্করণটি সকল সংস্থার জন্য উন্মুক্ত রয়েছে। http://microfin360.com/mobile_apps লিংকে এটি পাওয়া যাবে।