স্টার্ট বাটন নিয়ে ফিরল উইন্ডোজ ৮-এর আপডেট
প্রকাশ : ২৭ জুন ২০১৩, ১৯:৩২
তবে নতুন চেহারা নিয়ে হাজির হয়েও উইন্ডোজ ৮ পুরোপুরি মন ভরাতে পারেনি পিসি ব্যবহারকারীদের। বিশেষ করে এর ইন্টারফেস অনেকটাই ট্যাবলেট পিসি এবং টাচনির্ভর ডিভাইসের উপযোগী বলে পিসি ব্যবহারকারীরা অভিযোগ জানিয়ে এসেছে। তবে উইন্ডোজ ব্যবহারকারীদের সবচেয়ে বড় অভিযোগের জায়গাটি ছিল এর স্টার্ট বাটন না থাকা। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের শুরু থেকেই স্টার্ট বাটন ব্যবহার করে অভ্যস্ত হওয়ার কারণে উইন্ডোজ ৮-এ এর না থাকাটা সমস্যায় ফেলে অনেককেই। তাদের দাবির দিকে লক্ষ্য রেখেই সম্প্রতি মাইক্রোসফট উইন্ডোজ ৮-এর আপডেট ৮.১-এ ফের যুক্ত করেছে স্টার্ট বাটন। সানফ্রান্সিসকোতে ডেভেলপারদের এক সম্মেলনে মাইক্রোসফট এই আপডেটের ঘোষণা দেয়। ফের যুক্ত হওয়া স্টার্ট বাটনটি আগের উইন্ডোজ সংস্করণের স্টার্ট বাটনের মতোই কাজ করবে বলে জানিয়েছে মাইক্রোসফট। স্টার্ট বাটন ফিরিয়ে নিয়ে আসা ছাড়াও বেশকিছু নতুন অ্যাপ্লিকেশনের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এর মধ্যে রয়েছে অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশন, ফ্লিপবোর্ড, এনএফএল ফ্যান্টাসি ফুটবল প্রভৃতি। ইতোমধ্যেই মাইক্রোসফটের ওয়েবসাইটে উইন্ডোজ ৮.১-এর প্রিভিউ সংস্করণটি ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য কিছুদিন পরে আসবে পূর্ণাঙ্গ সংস্করণ। উইন্ডোজ ৮ ব্যবহারকারীরা বিনামূল্যেই আপডেট করে নিতে পারবে। আপাতত উইন্ডোজ স্টোরে গিয়ে ৮.১ প্রিভিউ সংস্করণটি নামিয়ে নেওয়া যাবে।