দেশের বাজারে জেন মোবাইল
প্রকাশ : ২৭ জুন ২০১৩, ১৯:৩৩
বাংলাদেশের ক্রমবর্ধমান মোবাইল হ্যান্ডসেটের বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে ভারতের মোবাইল সেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেন মোবাইল (টেলিকেয়ার গ্রুপ)। এম৭২ সিরিজের আওতায় এম৭২+, এম৭২আই এবং এম৭২এস মডেল তিনটি দিয়ে দেশের বাজারে যাত্রা শুরু করেছে জেন। এই হ্যান্ডসেটগুলোর বাজার মূল্য ২,৩০০টাকা থেকে ২,৫০০টাকার মধ্যে। উদ্বোধনী অনুষ্ঠানে জেন মোবাইলের ডিরেক্টর রাভি বাশ্যাম বলেন, ‘প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের অবস্থানকে কাজে লাগিয়ে এবার যে ফিচার ফোনের হ্যান্ডসেট সিরিজ বাজারে আনছি, তা নিঃসন্দেহে নতুন এক অভিজ্ঞতার সাথে গ্রাহকদের পরিচয় করিয়ে দেবে।’ তিনি জানান, এ বছরের মধ্যেই তারা ২০ থেকে ২৫ টি হ্যান্ডসেট বাজারে নিয়ে আসবেন। এই হ্যান্ডসেটগুলোর মূল্য হবে ১,১০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যে। জেন কর্তৃপক্ষ জানায়, ডুয়াল সিম সুবিধার এম৭২ সিরিজের ফোনগুলোতে ক্যামেরা, মিউজিক প্লেয়ার, এফএম রেডিও, উন্নত ব্যাটারিসহ আধুনিক মাল্টিমিডিয়ার সব ফিচার পাওয়া যাবে, যা গ্রাহক চাহিদাকে পূরণ করতে সক্ষম হবে। ‘গ্রাহকের কাছে দায়বদ্ধতা’ মন্ত্রকে সামনে রেখেই দেশের বাজার জয় করবে জেন, এমনটিই আশাবাদ জেন কর্তৃপক্ষের।