মঠবাড়িয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুর রহমান পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনায়ন পত্র সংগ্রহ করেছেন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোমবার বিকালে রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া এ আসনে আরও মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন মহাজোট প্রার্থী এবং জাপার কেন্দ্রীয় নেতা ও বর্তমান সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী, সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ার হোসেন, বিএনপি নেতা কর্নেল শাজাহান মিলন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় স্বাচিপ নেতা ডা. এম নজরুল ইসলাম, বাম গণতান্ত্রিক জোটের পক্ষে জেলা সিপিবি সভাপতি দিলীপ কুমার পাইক, স্বতন্ত্র প্রার্থী মো. আবু তারেক মৃধা, ইসলামী আন্দোলনের মো. ছগির হোসেন, ওয়ার্কার্স পার্টির মো. ফিরোজ আলম এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল লতিফ সিরাজী।