রাজৈরে স্ত্রীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করেছে স্ত্রী মুন্নি বেগম। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১টার দিকে উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামে। মুমূর্ষু অবস্থায় স্বামী হাবি বেপারীকে প্রথমে রাজৈর ও পরে উন্নত চিকিত্সার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
পারিবারিক সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামের হামেদ বেপারীর ছেলে হাবি বেপারীর সাথে প্রায় ১০ বছর আগে মাদারীপুর সদর উপজেলার থানতলী গ্রামের এসকেন বেপারীর মেয়ে মুন্নির বিয়ে হয়। ইতোমধ্যে মোবাইল ফোনে এক যুবকের সাথে স্ত্রী মুন্নির সম্পর্ক হয়। বিষয়টি জানতে পেরে স্বামী হাবি বেপারী বাধা দিলেও স্ত্রী বিপথ থেকে ফিরে না আসায় দাম্পত্য কলহ বেড়ে চলছিল। এর জেরে সোমবার রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় মুিন্ন ধারালো অস্ত্র দিয়ে স্বামী হাবিকে উপর্যুপরি কুপিয়ে দুই সন্তানকে রেখে পালিয়ে যায়। ওসি জিয়াউল মোর্শেদ জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।