কোটালীপাড়ায় রাইসুল ইসলাম জিসান (৯) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে কোটালীপাড়া থানা-পুলিশ উপজেলার লোহারংক গ্রামের সরকারি হাঁসের হ্যাচারির পাশ থেকে ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্র রাইসুল ইসলাম জিসান তারশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। সে তারাশী বাগলবাড়ি গ্রামের ফজরুল হক মোল্লার ছেলে। কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, সোমবার সকালে নাস্তা খেয়ে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় জিসান। তারপর আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার সন্ধান পায়নি। মঙ্গলবার স্থানীয়রা হ্যাচারির পাশে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। লাশের পাশেই তার সাইকেলটি পড়েছিল। ধারণা করা হচ্ছে সাইকেল চালানো শিখতে গিয়ে সাইকেল থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে জিসান মারা গেছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।