মোবাইল অ্যাপ্লিকেশন বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : ০১ জুলাই ২০১৩, ২১:৩৩
সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে আইসিটি মন্ত্রণালয় ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে ‘মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট:আইডিয়াজ’ শীর্ষক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আইসিটি সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকাল সম্পাদক গোলাম সরওয়ার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিপি আইটির জেনারেল ম্যানেজার আবদুল্লাহিল কাফি ও গুগলের কান্ট্রি কনসালটেন্ট কাজী মুনিরুল কবীর। স্বাগত ভাষণ দেন আইসিটি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব গাজী মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে আইসিটি মন্ত্রী বলেন, ‘মানুষের প্রয়োজনে প্রযুক্তিকে সহজ ও সুলভ করে মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। বর্তমানে দেশে প্রায় ১১ কোটি মানুষ মোবাইল ব্যবহার করছে। তাই মোবাইল ফোন ভিত্তিক বিভিন্ন অ্যাপস তৈরি করে সকল রকমের সেবা মানুষের হাতের মুঠোয় নিয়ে আসতে হবে।’ কর্মশালায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইটি প্রতিষ্ঠানের নির্বাহী, আইটি গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।