রংপুরে নারী অটো ছিনতাইকারী আটক

রংপুরে অটো ছিনতাইকারী চক্রের এক নারী সদস্যকে আটক করেছে পুলিশ। তার নাম রুমি বেগম (২৬)। যাত্রীবেশে চালককে অজ্ঞান করে অটো ছিনতাই করেছিলো সে।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে অটো ছিনতাই করে রংপুর নগরী থেকে পালানোর সময় কাউনিয়া উপজেলায় তাকে আটক করে তাজহাট থানা পুলিশ। আটককৃত রুমি বেগম মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ মন্ডলপাড়া এলাকার কাবেজ আলীর মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন, তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকোনুজ্জামান।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে এগারোটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন বীজ গবেষণা কেন্দ্রের রাস্তার পার্শ্বে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। পরে রংপুর মেট্টোপলিটন পুলিশ তাৎক্ষণিকভাবে অচেতন চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করান।

পরে চালক মাইদুল ইসলামের দেওয়া তথ্যমতে তার ছিনতাই হওয়া মোবাইল ফোনের নম্বর ট্র্যাক করা হয়। তাতে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের দিকে অটোটি নিয়ে যাওয়া হচ্ছে দেখা যায়। 

এরপর তাজহাট থানার ওসি শেখ রোকোনুজ্জামান ধাওয়া করে কাউনিয়া পুলিশের সহায়তায় কাউনিয়া মহাসড়কের রেলগেট এলাকা থেকে রুমি বেগমকে আটক করে। ছিনতাই হওয়া অটোটি উদ্ধার করে। এ সময় ছিনতাইকারী চক্রের বাকি সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে চালক মাইদুল ইসলামের ভাই তাজহাট থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকোনুজ্জামান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকারোক্তি দিয়েছে, দীর্ঘদিন ধরে কৌশলে অটো রিকশা ছিনতাই করে আসছে। তার বিরুদ্ধে ধারা ৩২৮/৩৭৯/৩০৭/৪১১/৩৪ পেনাল কোড রুজু হয়েছে। এই চক্রের অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।’

ইত্তেফাক/নূহু