আনসারের খেলোয়াড়দের প্রশিক্ষণ হবে সফিপুরে
প্রকাশ : ০২ জুলাই ২০১৩, ২১:৫৫
বাংলাদেশ আনসারের ক্রীড়াবিদদের সফিপুর আনসার একাডেমিতে অবস্থান করতে হবে। সেখানে তাদের প্রশিক্ষণের জন্য ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন। গতকাল দুপুরে খিলগাঁওস্থ সদর দপ্তরে আয়োজিত ক্রীড়া বিষয়ক মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ২৫০ জন ক্রীড়াবিদ রয়েছে আনসারের। মেজর জেনারেল নাজিম উদ্দিন বলেন, ‘তাদের সবার ঠিকানা হবে সফিপুর আনসার একাডেমি। সেখানে ১২ মাস অনুশীলন করার ব্যবস্থা আছে।’
তিনি বলেন, কোনো ফেডারেশন ভালো কোচ আনলে, ‘প্রশিক্ষণের ব্যবস্থা করলে আমরা আমাদের ক্রীড়াবিদদের সেখানে পাঠাবো।’
আনসার কর্তৃপক্ষ মনে করে খেলোয়াড়দের খেলোয়াড়ী প্রশিক্ষণের পাশাপাশি চাকরি ক্ষেত্রের প্রশিক্ষণ থাকাও দরকার। যেন খেলোয়াড়ী জীবন শেষে নির্ধারিত কাজে যোগ দিতে পারেন। মেজর জেনারেল নাজিম উদ্দিন বলেছেন, ‘যেসব ক্রীড়াবিদের চাকরি স্থায়ী হয়নি তাদের স্থায়ী করা হবে।’
চার বছর পর বাংলাদেশ গেমস। এখন থেকে আনসাররা গেমস উপলক্ষে প্রস্তুতি নিতে চায় বলে গতকাল সেমিনারে বলা হয়েছে।