অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ফাওয়াদ
প্রকাশ : ০২ জুলাই ২০১৩, ২১:৫৬
অ্যাশেজ দলে সুযোগ পেতে আইনত আর কোন বাধা থাকলো না পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলীয় স্পিনার ফাওয়াদ আহমেদের। কারণ, গতকালই আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়ে গেছেন তিনি। এটিকে ‘স্বপ্নের মুহূর্ত’ আখ্যায়িত করে ফাওয়াদ বলেন, যে দেশ তাকে আশ্রয় দিয়েছে এবার তাদের কিছু ফিরিয়ে দিতে চান তিনি।
মন্ত্রিসভায় রদবদলের কারণে পদ হারানোর আগে অভিবাসন মন্ত্রী ব্রেন্ডন ও’কনর শেষ যে কয়েকটি কাজ সম্পন্ন করেন, ফাওয়াদের নাগরিকত্ব পাওয়ার বিষয়টি তার মধ্যে একটি। ফাওয়াদের আবেদনে সাড়া দিয়ে ও’কনর গত সপ্তাহেই তার দরখাস্তে সই করেন। পাসপোর্ট হাতে পাওয়ার আগে বাকি ছিল শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়ার বিষয়টুকুই। গতকাল মঙ্গলবার সে বিষয়টি নিশ্চিত করে ও’কনর বলেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আবেদন এবং ফাওয়াদের চারিত্রিক বিষয়গুলো বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আমি আজ ফাওয়াদ আহমেদকে বলতে পারছি, তার নাগরিকত্বের আবেদন গৃহীত হয়েছে। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব আইন পরিবর্তিত হওয়ার কারণেই আমরা তার আবেদনে সাড়া দিতে পেরেছি।’
২০১০ সালে পাকিস্তান থেকে পালিয়ে অস্ট্রেলিয়ায় চলে আসা ফাওয়াদ বলেন, ‘এটা ছিল দারুণ কষ্টকর এক অভিজ্ঞতা। পুরো সময়টাতেই অস্ট্রেলিয়ানরা আমাকে দারুণ সমর্থন দিয়েছে। তাদের সেই সমর্থনেরই জয় হয়েছে। আমার নাগরিকত্ব পাওয়ার জন্য তর সইছিল না। বিশেষ করে ক্রিকেট মাঠে আমি তাদেরকে কিছু ফিরিয়ে দিতে চাই।’
এদিকে আইনগত কোন বাধা না থাকলেও অ্যাশেজ দলে ফাওয়াদ সুযোগ পাবেন কিনা সেটি এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কারণ, অস্ট্রেলিয়া এ দলের হয়ে বেলফাস্ট এবং ব্রিস্টলে গত মাসে দুটি ম্যাচে উইকেটশূন্য ছিলেন তিনি। বিষয়টি বুঝতে পারছেন ফাওয়াদও। তাই অ্যাশেজের চাইতে এ দলের হয়ে জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকায় সিরিজ নিয়েই এ মুহূর্তে ভাবছেন তিনি। ফাওয়াদ বলেন, ‘অস্ট্রেলিয়া এ দলের হয়ে জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকায় আমার দারুণ সুযোগ আছে। যদিও এটা পুরোপুরিই নির্বাচকদের ব্যাপার, তবে সুযোগ পেলে আমি ভালো করার সর্বোচ্চ চেষ্টাটাই করবো। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশেজ বা অন্য কোন টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করা আমার জন্য দারুণ সম্মানের। এখন আমি একজন (অস্ট্রেলীয়) নাগরিক এবং এটি আমাকে ক্রিকেটে আরো বেশী মনোযোগী হতে সাহায্য করবে।’