মাধবপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। এখানে প্রায় ২ কিলোমিটার জায়গা দখল করে এসব স্থাপনা গড়ে উঠেছিলো। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।

মাধবপুর পৌরশহরে সোনাই নদীর দুপাড়ের জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালীরা পাকা ইমারতসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ভিটা গড়ে তোলে। এর ফলে দিনে দিনে সোনাই নদী সংকুচিত হয়ে খালে পরিণত হয়।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে বলেন, ‘নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। বাজারের মধ্যকার খাস পুকুরটি অচিরেই দখলমুক্ত করা হবে।’ 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান বলেন, ‘নদী পাড়ে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে এগুলো উচ্ছেদ করে জনচলাচলের জন্য উন্মুক্ত করা হবে। উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।’

আরও পড়ুনঃ নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

এ সময় পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেছে। 

ইত্তেফাক/নূহু