লিসিকির জয়রথ চলছেই

স্যাবাইন লিসিকি পৌঁছে গেছেন বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলন্ডনের সেমিফাইনালে। শেষ আটের লড়াইয়ে গত মঙ্গলবার তিনি ৬-৩, ৬-৩ গেমে উড়িয়ে দিয়েছেন কাইয়া কানেপিকে। শেষ চারের টিকেট পেয়েছেন অগনেইস্কা রাদওয়ানস্কা, মারিয়ন বারতোলি এবং ক্রিস্টেন ফ্লিপকিন্সও। কোয়ার্টার ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারানোর বিষয়টিকে সবাই অঘটনই বলছিলেন। যদিও সেরেনা বলছিলেন, যোগ্য প্রতিপক্ষ হিসেবেই এই ম্যাচে জিতেছেন লিসিকি। তাই শেষ আটের লড়াইয়ের আগে লিসিকির কিছুটা হলেও নিজেকে প্রমাণেরও দায় ছিল। দুর্দান্ত এক পারফরম্যান্সে সেই চ্যালেঞ্জে ভালভাবেই উের গেলেন টুর্নামেন্টের ২৩ তম বাছাই এই জার্মান। তার লম্বা সব সার্ভ আর গতিশীল ব্যাকহ্যান্ড-ফোরহ্যান্ডগুলোর উত্তর ছিল না ব্রিটেনের লরা রবসনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আসা কানেপির কাছে। উচ্ছল হাসিতে এরই মধ্যে অল ইংল্যান্ড ক্লাবের দর্শকদের মন জয় করে নেয়া লিসিকি বিবিসি স্পোর্টসকে দেয়া সাক্ষাত্কারে বলেন, ‘আমি খুবই খুশি। গতকালের (সেরেনার বিরুদ্ধে) ম্যাচটি ছিল অদ্ভুুত্ সুন্দর, তাই আজকে আমার মূল চ্যালেঞ্জ ছিল নিজেকে শান্ত রাখা। আমার মনে হয় গত তিনটি কোয়ার্টার ফাইনালে খেলার অভিজ্ঞতা আমাকে সাহায্য করেছে।’ শিরোপাধারী সেরেনাকে হারানো এবং সেমিফাইনালে পৌঁছানো, এ দুটো বিষয় পরবর্তী ম্যাচে বাড়তি চাপ যোগ করবে কিনা এমন প্রশ্নকে হেসেই উড়িয়ে দিলেন লিসিকি। তিনি বলেন, ‘আমার উপর কোন চাপ কাজ করছে না। কারণ, এটা এমন একটা খেলা যা খেলতে আমি খুবই ভালবাসি এবং এভাবেই আমি খেলাটা খেলে যেতে চাই।’ ফাইনালে পৌঁছার লড়াইয়ে আজ লিসিকির প্রতিপক্ষ চতুর্থ বাছাই অগনেইস্কা রাদওয়ানস্কা। পোলিশ এই তারকা এদিন ৭-৬ (৭-৫), ৪-৬, ৬-২ গেমে হারিয়েছেন চীনের লি নাকে। অন্য সেমিফাইনালে বারতোলি খেলবেন ফ্লিপকিন্সের বিরুদ্ধে। বারতোলি এদিন আমেরিকার স্লোয়ান স্টিফেন্সকে ৬-৪,৭-৫ গেমে হারান। অন্যদিকে পেত্রা ভিতোভাকে ফ্লিপকিন্স হারান ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে।