বায়ার্নেও ‘ফলস নাইন’!

বার্সেলোনা থেকেই মূলত ‘ফলস নাইন’ ব্যাপারটা আন্তর্জাতিক আলোচনায় আসে। সেস ফ্যাব্রিগাসকে চিহ্নিত কোনো পজেশনে না খেলিয়েও স্ট্রাইকারের কাজ করিয়ে এই পদ্ধতি কার্যকরভাবে প্রয়োগ করেন পেপ গার্দিওলা। পরে এটা স্পেন জাতীয় দলেও করা হয়েছে। এবার গার্দিওলা ব্যাপারটা বায়ার্ন মিউনিখেও করতে চান। নতুন মৌসুমের অনুশীলন শুরু করে এ কথা বললেন বায়ার্নের নতুন কোচ। অনুশীলনের জন্য বৃহস্পতিবার ইতালীর লেক গার্ডা প্রশিক্ষণ ক্যাম্পে পৌঁছেছে বায়ার্ন। গত মৌসুমে গতানুগতিক ৪-২-৩-১ ফর্মেশনে খেলে চ্যাম্পিয়ন্স লিগ, কাপ ও ঘরোয়া লিগের শিরোপা ধারাবাহিকভাবে জিতে নিয়েছে দলটি। এই পদ্ধতিতে কিছু পরিবর্তন গার্দিওলা আনবেন। এর আগে বার্সেলোনার কোচ হিসেবে চার বছরের কোচিং জীবনে ১৪টি শিরোপা জয় করেছেন গার্দিওলা। যেখানে ‘ফলস নাইন’ পদ্ধতি অবলম্বন করেছিলেন তিনি। ওই পদ্ধতিতে তিনি একজন স্ট্রাইকারকে ব্যবহার করেন যিনি মধ্যমাঠে গিয়েই থেমে যান। বার্সেলোনা ছেড়ে বিশ্রাম নেয়ার পর গত সপ্তাহে বায়ার্নে যোগ দিয়েছেন গার্দিওলা। লক্ষ্য বুন্দেসলীগার জন্য দলকে নতুন করে গড়ে তোলা। আগামী ৯ আগস্ট শুরু হচ্ছে নতুন মৌসুম। গার্দিওলা বলেন, ‘আমরা সত্যিকারের স্ট্রাইকার ও ফলস নাইন নিয়ে খেলতে চাই। তবে এটি নির্ভর করছে খেলোয়াড়দের শারীরিক অবস্থার ওপর। ফরাসি স্ট্রাইকার ফ্রাঙ্ক রিবেরিকেও এজন্য প্রস্তুতি নিতে বলেছি।’ প্রায় দুই সপ্তাহর জন্য প্রশিক্ষণ শুরু করা এই কোচ বলেছেন, ‘বায়ার্ন স্কোয়াডটি দেখে মুগ্ধ হয়েছি। আমি সত্যি করে বলছি যে বায়ার্নের খেলোয়াড়রা খুবই প্রতিভাধর। চার বছরের মধ্যে তিনবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছে তারা। এর বেশি কিছু আপনি নিশ্চয় দাবি করতে পারেন না।’ অবশ্য আগামী মৌসুমে বায়ার্ন কিভাবে খেলতে চায় সে সম্পর্কে বিস্তারিত জানাননি গার্দিওলা। তবে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ৪২ বছর বয়সি ওই কোচ বলেন, ‘আমি প্রতিপক্ষের নিয়ন্ত্রণে বল দেখতে পছন্দ করি না। আমি চাই বল আমাদের দখলে রাখতে। সেই সঙ্গে একাধিক গোলও নিশ্চিত করতে চাই।’ গার্দিওলার অধীনে খেলোয়াড়দের মানিয়ে নেয়ার জন্য কিছুটা সহিষ্ণু হবার জন্য ক্লাবের ক্রীড়া পরিচালক ম্যাথিয়াস সামারের অনুরোধ প্রসঙ্গে স্প্যানিশ কোচ বলেন, তিনি প্রত্যাশা করছেন খুব দ্রুতই নিজের প্রত্যাশার প্রমাণ দিতে চান তিনি। গার্দিওলা বলেন, ‘ম্যাথিয়াসের বক্তব্যকে আমি সম্মান জানাই। তবে আমি একটি বড় ক্লাবের দায়িত্ব পালন করছি। এখানে খুব বেশি সময় হাতে নেই। শুরু করার জন্য আপনাকে ভালভাবেই কাজ করতে হবে। যাতে মানুষকে তৃপ্ত করা যায়। এটি হারার জন্য উপযুক্ত জায়গা নয়।’ এদিকে পেরুর তারকা স্ট্রাইকার ক্লাদিও পিজারোর সঙ্গে আরো এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে বায়ার্ন। নতুন এই চুক্তি স্বাক্ষরের ফলে ২০১৪ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থেকে যাবেন তিনি।-বাসস