গুগল অ্যাপস যুক্ত করছে এইচপি, পিছিয়ে পড়ছে ডেল

সময়ের সাথে সাথে বাড়ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের ব্যবহার। ব্যক্তিগত কাজের জন্য প্রয়োজনীয় সব অ্যাপ্লিকেশনের বাইরেও এখন ব্যবসার জন্যও নানা ধরনের অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে এবং এগুলো ব্যবসা প্রতিষ্ঠানের দক্ষতা বাড়াতে বড় ধরনের ভূমিকা রেখে চলেছে। অনলাইন জায়ান্ট গুগল’র এমন ধরনের বিজনেস অ্যাপ্লিকেশনগুলো সমাদৃত হয়ে আসছে প্রযুক্তি বিশ্বে। এবারে এসব অ্যাপ্লিকেশনগুলোকে নিজেদের বিজনেস পিসি এবং প্রিন্টারের সাথে বান্ডল হিসেবে যুক্ত করছে এইচপি। অর্থাত্, এইচপি’র বিজনেস পিসি এবং প্রিন্টারগুলোর সাথে বিল্ট-ইন হিসেবেই থাকছে গুগল’র এসব বিজনেস অ্যাপ্লিকেশন। ফলে এইচপি’র পার্টনারদের জন্য এটি একটি বড় সুযোগ। অন্যদিকে মাইক্রোসফটের জন্য এই উদ্যোগটি খুব একটা সুখকর নয় বলেই জানাচ্ছেন প্রযুক্তি বিশ্লেষকরা। কারণ এতে করে মাইক্রোসফটের বিজনেস সলিউশনগুলোর গুরুত্ব কিছুটা হলেও কমে যাবে বলে ব্যবহারকারীদের কাছে। গুগল’র বিজনেস অ্যাপ্লিকেশনগুলো বিনামূল্যে বান্ডল হিসেবে নিজেদের পিসি এবং প্রিন্টারে পেয়ে যাওয়ার কারণে মাইক্রোসফটের বিজনেস সলিউশনগুলো ব্যবহারকারীর আগ্রহ হারাবে বলে মন্তব্য তাদের। অন্যাদিকে এইচপি’র পিসিতে বান্ডল হিসেবে এসব অ্যাপ্লিকেশনের উপস্থিতি এইচপি’র জনপ্রিয়তা বাড়াতেও ভূমিকা রাখবে। এইচপি’র প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ডেল এখনও এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তাদের বিজনেস পিসি বা প্রিন্টারে এসব অ্যাপ্লিকেশন যুক্ত না হলে তারা শেষ পর্যন্ত এইচপি’র তুলনায় অনেকটাই পিছিয়ে পড়বে। উল্লেখ্য, বর্তমানে বিশ্বব্যাপী পিসি নির্মাতা হিসেবে এইচপি রয়েছে শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে লেনোভো আর তৃতীয় স্থানে রয়েছে ডেল। গ্রাহকদের জন্য এইচপি’র এই উদ্যোগের মতো নতুন উদ্যোগ তারা গ্রহণ না করলে অবস্থানের দিক থেকে তারা আরও পিছিয়ে যাবে বলে ধারণা প্রযুক্তি বিশ্লেষকদের।