স্মার্টফোনে দেশি গেম ‘ফ্রুট ব্যান্ডিট’

অ্যান্ড্রয়েড ফোনের জন্য দেশি গেম ‘ফ্রুট ব্যান্ডিট’ যাত্রা শুরু করল। গত বৃহস্পতিবার বেসিস মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এই গেমটি। ট্যাং পাউডার ড্রিংকের প্রচারণার অংশ হিসেবেই তৈরি করা হয়েছে স্মার্টফোনের জন্য এই গেমটি। ট্যাং-এর সাম্প্রতিক একটি বিজ্ঞাপনে তুলে ধরা হয়েছে টন্টি এবং মন্টি নামের দুই জমজ ভাইয়ের গল্প। সেই গল্পের দুই চরিত্রকে নিয়েই তৈরি করা হয়েছে গেমটি। এই গেমের গল্পে জঙ্গলে ঘোরার সময়ে একদল বানর মন্টিকে কিডন্যাপ করে আর টন্টিকে নামতে হয় তাকে উদ্ধারের অভিযানে। সেই অভিযানে টন্টিকে তার একমাত্র গুলতিটি সাথে নিয়ে দুষ্টু বানর, জিরাফ, গরিলা আর মৌমাছির চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হয়। http://goo.gl/kNTEH ওয়েবলিংক থেকে গেমটি ডাউনলোড করা যাবে। খুব শীঘ্রই গেমটির আইওএস সংস্করণও তৈরি হবে জানিয়েছেন নির্মাতারা। গেমটি তৈরি করেছে স্পিনঅফ বাংলাদেশ। ট্যাং-এর জন্য গেমটির গল্প ও ভাবনা তৈরি করেছে ওগিলভি অ্যান্ড ম্যাথার। প্রযোজনায় ছিল রেডওয়ার্ক। ‘ফ্রুট ব্যান্ডিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্পিনঅফ, রেডওয়ার্ক, ওগিলভি অ্যান্ড ম্যাথারের প্রতিনিধিসহ উপস্থিত ছিলেন বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর। গেমটি ছাড়াও ট্যাং-এর উদ্যোগে দেশিয় ফলকে সবার কাছে পরিচিত করে তোলার জন্য ‘বাংলাদেশের ফল পরিচিতি’ নামক একটি ওয়েবসাইট উন্মোচন করা হয়। এই ওয়েসাইটের ঠিকানা www.fruitsofbangladesh.com।