অলিম্পিকের চেয়ে চারগুণ লাভজনক ক্রিকেট বিশ্বকাপ!
প্রকাশ : ০৬ জুলাই ২০১৩, ২২:১৩
ক্রিকেটকে অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত করার বিন্দুমাত্র ইচ্ছাও নেই ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির। কারণ, অলিম্পিক গেমস থেকে চারগুণ বেশি রাজস্ব আয় করে ক্রিকেট বিশ্বকাপ। এমনটাই জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অন্তর্বর্তীকালীন সভাপতি জগমোহন ডালমিয়া।
গত জুন মাসে আইসিসি’র পাঁচ দিনব্যাপী বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন জগমোহন ডালমিয়া। সেখান থেকে দেশে ফিরে সাংবাদিকদের তিনি বলেন, ‘কয়েকটি ব্যাপার আছে; যেমন, অলিম্পিকে বাণিজ্যিক উদ্দেশে কোন লোগো ব্যবহার করা যায় না, দর্শকদের জন্য টিকেট কাটার ব্যবস্থা নেই। তাই সব মিলিয়ে আমরা বিশ্বকাপ থেকেই এর থেকে বেশি আয় করতে পারি।’ অলিম্পিকে তাই কোনভাবেই ক্রিকেট অন্তর্ভুক্ত হবে না বলে জানালেন ডালমিয়া। এর থেকেও বড় কথা অলিম্পিকে অংশ নেয়ার অর্থ হল ক্রিকেট সূচিতেও বড় একটা পরিবর্তন আনা। ডালমিয়া আরও বলেন, ‘ক্রিকেট আর অলিম্পিকের মধ্যে অনেক দূরত্ব। কমনওয়েলথ গেমসের অভিজ্ঞতা থেকেই এটা বলছি। অলিম্পিকে অংশ নেয়ার অর্থই হল আয় কমে যাওয়া। তাই, অলিম্পিকে অংশ নেয়ার কোন কারণ নেই।’