পঞ্চমস্থানে বাংলাদেশ
প্রকাশ : ০৬ জুলাই ২০১৩, ২২:১৪
বাংলাদেশ দল দক্ষিণ কোরিয়ার ইনচন শহরে অনুষ্ঠিত চতুর্থ এশিয়ান ইনডোর ও মার্শাল আর্ট গেমসের দলগত দাবা ইভেন্টে পঞ্চম স্থান পেয়েছে। এতে পাঁচ খেলায় বাংলাদেশ দল ছয় পয়েন্ট অর্জন করে।
পাঁচ রাউন্ডের সকল খেলাই গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশ দল থাইল্যান্ডকে ৪-০ পয়েন্ট, ৪র্থ রাউন্ডে জাপানকে ৪-০ পয়েন্টে এবং ৫ম রাউন্ডে শ্রীলঙ্কাকে ৩-১ পয়েন্টে পরাজিত করে। ১ম রাউন্ডে বাংলাদেশ চীনের কাছে ১-৩ পয়েন্টে এবং ৩য় রাউন্ডে সিঙ্গাপুরের কছে ৩.৫-০.৫ পয়েন্টে পরাজিত হয়।
বাংলাদেশ দলের খেলোয়াড়রা হলেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর, মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লীজা এবং শারমিন সুলতানা শিরিন। নিয়াজ তিন খেলায় জয়লাভ করেন এবং দুটিতে হেরে যান। সাগর চারটিতে জয়ী হলেও একটিতে পরাস্ত হন। এছাড়া লীজা দুটিতে জয়ী ও একটিতে ড্রয়ের পর দুটিতে পরাজিত হন। অপরদিকে শিরিন তিনটিতে জয় এবং দুই খেলায় হারেন। দলগত দাবায় ভিয়েতনাম স্বর্ণ, চীন রৌপ্য এবং ইন্দোনেশিয়া ব্রোঞ্জ পদক পায়। উজবেকিস্তান ৪র্থ, কাতার ৬ষ্ঠ, কাজাকিস্থান ৭ম, ভারত ৮ম, সিঙ্গাপুর ৯ম এবং ফিলিপাইন ১০ম স্থান লাভ করে। এশিয়া মহাদেশ থেকে মোট ২০টি দল এই দলগত ইভেন্টে অংশগ্রহণ করে।