এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র

বাংলা দ্বিতীয়পত্র মোস্তাফিজুর রহমান লিটন সিনিয়র শিক্ষক বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা ক্রিয়াপদ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা দ্বিতীয়পত্র থেকে ক্রিয়াপদ নিয়ে আলোচনা। সকর্মক ও অকর্মক ক্রিয়া সকর্মক ক্রিয়া: যে ক্রিয়াপদের কর্ম থাকে, তাকে সকর্মক ক্রিয়া বলে। বাক্যের ক্রিয়াকে কী বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মপদ। কর্মযুক্ত ক্রিয়াই সকর্মক ক্রিয়া। যেমন:মা রান্না করছেন। এ বাক্যে ক্রিয়াপদ হচ্ছে ‘করছেন’। প্রশ্ন: কী করছেন? উত্তর: রান্না করছেন। অতএব, ‘করছেন’ ক্রিয়াপদটির কর্ম হচ্ছে ‘রান্না’। ‘করছেন’ সকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কর্ম নেই, তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন: সৌরভ পড়ে। সৌরভ কী পড়ে- এ প্রশ্নের উত্তর নেই। অর্থাত্ এ বাক্যে ‘পড়ে’ ক্রিয়াপদের কোনো কর্ম নেই। তাই ‘পড়ে’ অকর্মক ক্রিয়া। প্রয়োগ বৈশিষ্ট্যে সকর্মক ক্রিয়া হতে পারে। যেমন: সকর্মক ক্রিয়া: ১. আমি টিফিন খেয়েছি। ২. মাখন রায় গান গাচ্ছে অকর্মক ক্রিয়া: ১. আমি টিফিনে খেয়েছি। ২. মাখন রায় গানে মজেছে। ক্রিয়াপদ যে পদ দ্বারা কোনো কিছু করা বা কোনো কাজ করা বোঝায়, তাকে ক্রিয়াপদ বলে। যেমন: বাবা এসেছেন। ঘড়িতে ১০টা বাজে। ক্রিয়াপদ নানা রকম হয়: ১. সমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয়, তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন: সেতু স্কুলে যায়। বিথু গান গায়। ২. অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন: আমি বাড়ি গিয়ে... সে বই নিয়ে... এখানে ‘গিয়ে’, ‘নিয়ে’ ক্রিয়ার দ্বারা কথা শেষ হয়নি। বাক্যের অর্থ অসম্পূর্ণ রয়েছে। বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য আরও ক্রিয়া চাই। যেমন: আমি বাড়ি গিয়ে খাবো। সে বই নিয়ে পড়তে বসেছে। সুতরাং, ‘গিয়ে’, ‘নিয়ে’ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর ‘খাবো’, ‘বসেছে’ এগুলো সমাপিকা ক্রিয়া। ৩.সকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কোনো কর্ম থাকে, তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন:স্বপন চিঠি লিখছে। কাঞ্চন বই পড়ছে। ৪. অকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না, তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন: সেলিমা বেগম বাড়ি যায়। মনি মারমা ভাত খায়। ৫. দ্বিকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার দুটি কর্ম থাকে, তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। যেমন: শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন। ৬. প্রযোজক ক্রিয়া: যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয়, তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন: মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন। সাপুড়ে সাপ খেলায়। ৭. যৌগিক ক্রিয়া: একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয়, তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন: সে পাস করে গেল। সাইরেন বেজে উঠল।