ইমাজিন কাপের চূড়ান্ত পর্বে অংশ নিতে রাশিয়ার পথে বুয়েট১০১

ইমাজিন কাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করতে রাশিয়ার পথে রওনা দিয়েছে ইমাজিন কাপের বাংলাদেশ পর্বের বিজয়ী দল বুয়েট ১০১। ইমাজিন কাপের মূল পর্বে তারা অংশগ্রহণ করবে তাদের ‘হ্যাপি ওয়াচ’ প্রকল্প নিয়ে। এই প্রকল্পে তারা এমন একটি উইন্ডোজ ফোন অ্যাপ্লিকেশন তৈরি করেছে, যেটি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আপনজনের হার্ট রেটে যেকোনো মুহূর্তে নজর রাখা যাবে। অর্থাত্ সার্বক্ষণিকভাবে প্রিয়জনের হূদস্পন্দন পর্যবেক্ষণ করা যাবে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে। আজ থেকে শুরু হওয়া ইমাজিন কাপের চূড়ান্ত পর্বে তারা উপস্থাপন করবে তাদের এই প্রকল্প। ১১ বছর ধরে মাইক্রোসফট আয়োজন করে আসছে এই প্রতিযোগিতা। বাংলাদেশ ইমাজিন কাপে গত দুই বছরেই অংশ নিয়েছে এবং প্রথমবার অংশ নিয়েই ‘পিপলস চয়েজ’ বিভাগে পুরস্কার নিয়েছে। মাইক্রোসফট বাংলাদেশের টেকনিক্যাল ইভাঞ্জেলিস্ট তানজিম সাকীব এসিআই লিমিটেড, অ্যাস্ট্রোটেক্স, আইবিএসএসবিডি পৃষ্ঠোপোষোকদের ধন্যবাদ জানান দেশের প্রতিনিধিত্বকারী দলটিকে ইমাজিন কাপে অংশ নেওয়ার অংশীদার হওয়ার জন্য। বুয়েট১০১ দলে আছেন তামজীদ ইসলাম, বাশিমা ইসলাম, এমএম হক, জাহিন মুস্তাকিন ও তাদের পরামর্শদাতা হাসান শহীদ ফেরদৌস।