বোল্টের উপলব্ধি
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২১:৪৩
উসেইন বোল্ট জানিয়েছেন আগস্টে রাশিয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরুর আগে তাকে আরো খাটতে হবে। জ্যামাইকান এই বিস্ময় জাগানিয়া অ্যাথলিটটি গত শনিবার প্যারিসে অনুষ্ঠিত ডায়মন্ড লিগে ২০০ মিটার জয়ের পর এ কথা বলেন। যদিও ছয়বারের অলিম্পিক স্বর্ণজয়ী বোল্ট সেখানে বছরের সেরা সময়েই (১৯.৭৩) দৌড়ান।
এই ইভেন্টে তার স্বদেশী ওয়ারেন ওয়ার ১৯.৯২ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন। তার পেছনে ছিলেন ইউরোপীয়ান চ্যাম্পিয়ন ক্রিস্টোফে লেমেইত্রে (২০.০৭)।
বোল্ট এ মৌসুমে কিছুটা স্লথভাবে শুরু করলেও জানান দেন যে এ নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই। ১৩ জুন অসলোতে ১৯.৭৯ সেকেন্ডে দৌড়ানোর পর মৌসুমের দ্বিতীয় প্রতিযোগিতায় নিজের পছন্দের ইভেন্টটিতে এই ফলে সন্তোষ প্রকাশ করেন। স্প্রিন্টের দুটি ইভেন্টেই বিশ্বরেকর্ডধারী ২৬ বছরের এই অ্যাথলিট বলেন, ‘আমি নিজেকে নিয়ে সন্তুষ্ট।’ এরপরও তিনি বলেন, ‘আমাকে এখনো কিছু ভুলের ব্যাপারে খাটতে হবে।’ ‘আমি মনে করি শেষ ৫০ মিটার আমি আরো ভাল দৌড়াতে পারতাম। আমি সচরাচর যতটা শক্তিমত্তায় দৌড়ে আসি সেরকমটা পারিনি। শেষ ৩০ মিটারকে আমি দুর্দশা বলবো না, তবে আমার টেকনিক ঠিক ছিল না।’
তিনি আরো বলেন, ‘সময়ের ব্যাপারে আমি বলবো, আমি মনে করি আমার আরো ভাল করা উচিত ছিল। আমি ভাল করতে চেয়েছিলামও। কিন্তু এটা সেসব বিষয়গুলোর একটি যা আপনি কখনোই পান না অথচ কখনো কখনো পেতে চান।’-বিবিসি অনলাইন