কফি তৈরি করবে
রাসবেরি পাই রোবট
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ২১:২১
প্রযুক্তির কল্যাণে নানা ধরনের ডিভাইস আর গ্যাজেটস আমাদের মাঝে হাজির হচ্ছে প্রতিনিয়ত। এর মধ্যে নতুন নতুন রোবটও হাজির হচ্ছে সকলের সামনে। রোবটদের আবার নানা ধরন রয়েছে। কোনো রোবট ফুটবল খেলে, কোনোটি মানুষকে পথ দেখাতে সহায়তা করে, কোনোটি আবার দৈনন্দিন কাজে সহায়তা করতে সক্ষম। তবে এবারে নতুন এক রোবট তৈরি হয়েছে, যেটি কি না কফি তৈরি করে দেবে মানুষের জন্য। ‘র্যাপিরো’ নামের এই হিউম্যানয়েড (মানুষের মতো দেখতে রোবট) তৈরি করা হয়েছে স্বল্পমূল্যের ‘রাসবেরি পাই’ ব্যবহার করে।
রাসবেরি পাই মূল ক্রেডিট কার্ডের আকৃতিতে একটি সিপিইউ, যার মূল্য মাত্র ৩৫ ডলার। র্যাপিরোকে সচল করার জন্য এই রাসবেরি পাই সিপিইউকেই ব্যবহার করা হয়েছে চালিকাশক্তি হিসেবে। আর একে এমনভাবে প্রোগ্রাম করা সম্ভব হয়েছে যাতে এটি প্রতিদিনকার আবহাওয়ার খবর জানাতে পারে এবং এমনকি কফিও তৈরি করে দিতে পারে।
আসলে রাসবেরি পাই তৈরি করা হয়েছে মূলত প্রোগ্রামিংয়ে আগ্রহীদের জন্য। শিক্ষার্থীরা যাতে অত্যন্ত অল্প খরচেই প্রোগ্রামিংয়ের জন্য একটি সিপিইউ ব্যবহার করতে পারে, সেই উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে রাসবেরি পাই। আর এই রাসবেরি পাইয়ের উদ্দেশ্য যে সফল, তা প্রমাণ করতেই নিত্যনতুন রাসবেরি পাইচালিত ডিভাইস তৈরি হচ্ছে বিশ্বজুড়ে। এর মধ্যেই একটি এই নতুন র্যাপিরো। অবশ্য বাণিজ্যিকভাবে এটি কবে বাজারে আসবে, সেটা জানা যায়নি।