শুরু হল আম্পায়ার-স্কোরারদের ওয়েবসাইট
প্রকাশ : ০৯ জুলাই ২০১৩, ২২:১৭
অনেক কথায় ভারী হয়ে গেল অনুষ্ঠান। কিন্তু আসলে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের অনুষ্ঠানটা ছিল একটা উত্সবের। বাংলাদেশের আম্পায়ার ও স্কোরারদের সংগঠনের ওয়েবসাইট উন্মাচনের অনুষ্ঠান। একই অনুষ্ঠানে সংগঠনটির একটি ‘ডিরেক্টরি’ও উন্মোচন করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ারস ও স্কোরারস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইউশা মিশু ও সাধারণ সম্পাদক সয়লাব হোসেন টুটুল তাদের বক্তৃতায় বোর্ড সভাপতির প্রতি কৃতজ্ঞতা জানালেন নানাভাবে তাদের পাশে থাকার জন্য। সেই সঙ্গে সংগঠনটির দীর্ঘ ইতিহাসে প্রথম কোনো বিসিবি সভাপতি তাদের অফিসে আসাটাও স্মরণীয় বলে বললেন তারা।
অনুষ্ঠানে দেশের প্রবীণ আম্পায়ার সৈয়দ আলতাফ হোসেন, আন্তর্জাতিক আম্পায়ার এনামুল হক, শরফুদৌলা ইবনে সৈকতসহ দেশের নানা প্রান্ত থেকে আসা আম্পায়ার ও স্কোরাররা উপস্থিত ছিলেন। ছিলেন বোর্ড পরিচালক মাহবুব আনাম, ইসমাইল হায়দার মল্লিকরা। এ ছাড়া অনুষ্ঠান রং পেয়েছে সাবেক অধিনায়ক ও আন্তর্জাতিক ম্যাচ রেফারি রকিবুল হাসানের উপস্থিতিতে। এই মিলনমেলায় রূপ নেয়া অনুষ্ঠানে বিসিবি সভাপতি আম্পায়ার, স্কোরার, খেলোয়াড়সহ খেলার সঙ্গে সরাসরি সম্পৃক্তদেরই ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করলেন, ‘আমি আজ যদি কোনো সমস্যায় পড়ি, আমার পাশে অনেক পরিচালক আছেন। এদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাবো; তবে এরা সবাই মূলত সংগঠক। কিন্তু রকিবুল ভাইদের কাছ থেকে বা আকরামের (খানের) কাছ থেকে বা আম্পায়ারদের কাছ থেকে যে তথ্য পাবো; তা তো সংগঠকরা দিতে পারবেন না।’ এ ছাড়া সভাপতি ক্রীড়া সাংবাদিকদেরও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার ওপর জোর দিলেন পাপন, ‘আমি একটা বিষয় এই ক দিনেই বুঝেছি, আমাদের ক্রীড়া সাংবাদিকদের খেলা নিয়ে ধারণা ও জ্ঞান অনেকের যা আছে, তা আমাদের অনেকেরই নেই। ফলে তাদেরও একটা ভূমিকা আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে এগিয়ে নেয়ার ব্যাপারে থাকা উচিত।’