অ্যাপস্টোরের ৫ বছর

২০০৮ সালের ৯ জুলাই যাত্রা শুরু করে অ্যাপ স্টোর। আইফোন, আইপ্যাড আর আইপডের জন্য নানা ধরনের অ্যাপ্লিকেশনের ভাণ্ডার নিয়ে চালু হয় এই অ্যাপস্টোর। সেই হিসেবে গত পরশু ৫ বছর পূর্তি করেছে জনপ্রিয় এই অ্যাপ্লিকেশন স্টোর। এর মধ্যে এতে অ্যাপ্লিকেশনের সংখ্যা পেরিয়ে গেছে ৯ লক্ষ। আর গত মাসের হিসেবেই এই স্টোর থেকে ডাউনলোড হওয়া অ্যাপ্লিকেশনের সংখ্যা পেরিয়ে গেছে ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি। অ্যাপ স্টোরের ৫ বছর পূর্তিতে অ্যাপল জনপ্রিয় ১০টি অ্যাপ্লিকেশন ও গেম বিনামূল্যে প্রদান করছে ব্যবহারকারীদের জন্য। এই অ্যাপ্লিকেশন ও গেমগুলো সাধারণত অর্থ খরচ করে কিনতে হয়। তবে নয় লক্ষ অ্যাপ্লিকেশন এই স্টোরে থাকলেও এর দুই-তৃতীয়াংশ খুব কমই ব্যবহার করেছেন ব্যবহারকারীরা। গবেষণা সংস্থা অ্যাডেভেনের হিসাব অনুযায়ী, অ্যাপ স্টোরের পৌনে ৬ লক্ষ অ্যাপ্লিকেশনই কখনও শীর্ষ ডাউনলোডের তালিকায় আসতে পারেনি, যদিও ৩ লক্ষ অ্যাপ্লিকেশন নিয়ে এই তালিকা তৈরি হয়। এই অ্যাপ্লিকেশনগুলোকে বলা হচ্ছে ‘জোম্বি’। তবে বিপুল পরিমাণ জোম্বি অ্যাপ্লিকেশন থাকা সত্ত্বেও অ্যাপ স্টোর থেকে যে পরিমাণ অ্যাপ্লিকেশন প্রতিনিয়ত ডাউনলোড হয়ে চলছে, তাতে ৫ হাজার কোটি ডাউনলোড হতে ৫ বছর লাগলেও পরবর্তী ৫ হাজারে সময় আরও কম লাগবে বলেই আশা করছে অ্যাপল।