হকির নতুন কমিটির প্রজ্ঞাপন ঘোষণা

জাতীয় ক্রীড়া পরিষদ গতকাল বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন কমিটির প্রজ্ঞাপন ঘোষণা করেছে। অপরদিকে নতুন কমিটির সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ জানিয়েছেন, আগামী শনিবার তারা দায়িত্ব গ্রহণ করবেন। এ ব্যাপারে তিনি সভাপতি বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল ইনামুল বারীর সাথে কথা বলে সভা ডাকবেন। সেখানে খেলোয়াড় দলবদলের নতুন তারিখ ঘোষণা করা হবে। হকির নির্বাচন ছিল ২৭ জুন। সেদিন নির্বাচন হয়নি। মোহামেডান ক্লাবের পক্ষভুক্ত ক্লাবগুলোর প্যানেল নির্বাচন থেকে সরে যাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় খাজা রহমত উল্লার প্যানেল। কিন্তু একজন ভোটারের বিষয়ে আদালতের একটি রীট থাকায় জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে নির্বাচনের প্রজ্ঞাপণ ঘোষণা করতে বিলম্ব হয়। আগেই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হলেও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হলো।