বার্সেলোনার পথে সিলভা?

ব্রাজিল জাতীয় ফুটবল দলের অধিনায়ক থিয়াগো সিলভার সঙ্গে পাঁচ বছরের চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা। কাতালান ক্রীড়া দৈনিক স্পোর্টস-এর বরাতে গতকাল বুধবার এ তথ্য জানা গেছে। নতুন মালিকানার অধীনে গত বছর সিলভার ক্লাব প্যারিস সেন্ট জার্মেই জিতেছে লিগ ওয়ান শিরোপা। এরপর জাতীয় দলে তার নেতৃত্বে ব্রাজিল মাত্রই জিতেছে কনফেডারেশন্স কাপের শিরোপা। তাই সিলভার দিকে তীক্ষ দৃষ্টি রাখছে ইউরোপের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ক্লাব। তবে সে দৌড়ে বেশ খানিকটা এগিয়ে ছিল বার্সেলোনাই। অনুমান করা হচ্ছিল, সতীর্থ নেইমারের পথ অনুসরণ করে সিলভাও পাড়ি জমাচ্ছেন বার্সেলোনায়। তবে বার্সা চাইলেও সিলভা নিজে বরাবরই বলে এসেছেন পিএসজিতে সুখেই আছেন তিনি। তবে স্পোর্টসের ভাষ্য অনুযায়ী সিলভা মত পাল্টেছেন। ট্রান্সফারের জন্য তিনি নিজেই নাকি এখন চাপ দিচ্ছেন লিগ ওয়ান চ্যাম্পিয়নদের। সিলভাকে পেতে বার্সেলোনা পাঁচ কোটি ইউরো খরচ করতে প্রস্তুত বলেও জানিয়েছে ঐ দৈনিকটি।