আলকানতারাকে চাই বায়ার্নের

ইউরোপের ফুটবলে দলবদলের বাজার এখন বেশ সরগরম। আগামী মৌসুমের জন্য নিজেদের ঘর গুছিয়ে নিতে ব্যস্ত বিভিন্ন দেশের শীর্ষ ক্লাবগুলো। কোচের চাহিদা আর পছন্দ অনুযায়ী ক্লাব মালিকরা চেষ্টা করছেন নতুন খেলোয়াড় দলে টানতে। সেখানে ইউরোপ সেরা ক্লাব বায়ার্ন মিউনিখের নবনিযুক্ত কোচ পেপ গার্দিওলাই বা পিছিয়ে থাকবেন কেন। গার্দিওলাও জানিয়েছেন তার পছন্দের কথা। আর এক্ষেত্রে তার পছন্দ নিজের সাবেক ক্লাব বার্সেলোনার মিডফিল্ডার থিয়াগো আলকানতারা। তবে আলকানতারাকে পাওয়ার দৌড়ে এরই মধ্যে অনেকটা এগিয়ে গেছে প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। অদূর ভবিষ্যতেই ‘রেড ডেভিল’দের জার্সি গায়ে চড়াবেন বাতাসে এমন গুঞ্জনও ভাসছে। তবে সেক্ষেত্রে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দল পরিবর্তনের মাশুল হিসেবে ইউনাইটেডকে অতিরিক্ত এক কোটি আশি লাখ ইউরো গুনতে হবে। তবে ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য মাজিনহোর সন্তান আলকানতারাকে পাওয়ার ব্যাপারে কে কতদূর এগিয়েছে সেটা নিয়ে মোটেই ভাবছেন না গার্দিওলা। তাই নিজের সাবেক শিষ্যকে নতুন দলে পাওয়ার ব্যাপারে কিছু লুকাননি তিনি। সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘আমি (কার্ল হেইঞ্জ) রুমনিগে এবং (ম্যাথিয়াস) স্যামারকে এ ব্যাপারে বলেছি। আমি জানি না ভবিষ্যতে কি হবে তবে আমি তাকে পেতে চাই। থিয়াগোই একমাত্র খেলোয়াড় যাকে আমি চাই। আমি একথাই তাদেরকে বলেছি। যদি তাকে না পাই তাহলে অন্য কোন খেলোয়াড়কেই আমার দরকার নেই।’ ২২ বছর বয়সী এই খেলোয়াড়কে পেতে কেন এই আকুলতা তার ব্যাখ্যাও দিয়েছেন গার্দিওলা, ‘আমাদের অনেক খেলোয়াড় আছে কিন্তু থিয়াগো আলকানতারার যে কিছু বিশেষ গুণ আছে আমাদের সেগুলো দরকার। তবে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারটা ক্লাবের হাতে। আমি শুধু আমার মতামতটাই তাদের জানিয়েছি।’