মোহামেডান, গুলশান ইয়ুথ ক্লাবের জয়

মহিলা ক্লাব ক্রিকেটের গতকালের দুটি ম্যাচে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং গুলশান ইয়ুথ ক্লাব। দিনের প্রথম খেলায় মোহামেডান ১৩৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে কলাবাগান ক্রীড়া চক্রকে। আর অন্য ম্যাচে গুলশান ইয়ুথ ক্লাব পাঁচ উইকেটে হারায় বিকেএসপিকে। সিটি ক্লাব মাঠে টসে জিতে ব্যাটিংয়ে নেমে মোহামেডান নির্ধারিত ৪০ ওভার শেষে আট উইকেটে ২২৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাথিরা জাকির সর্বোচ্চ ৮৬ রান করেন। সালমা খাতুনের ব্যাট থেকে আসে ৪৬ রান। বড় লক্ষ্যের তাড়ায় নেমে কলাবাগান ৪০ ওভার ব্যাট করতে পারলেও স্কোর বোর্ডে জমা করে মাত্র ৯৫ রান। ফলে বড় ব্যবধানেই হার মানতে হয় তাদের। সাথিরা ম্যাচ সেরা নির্বাচিত হন। এদিকে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামা বিকেএসপি অল আউট হয়ে যায় ১০০ রানে। জবাবে দশ ওভার হাতে রেখে পাঁচ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় গুলশান ইয়ুথ ক্লাব। বিজয়ী দলের পক্ষে মঞ্জিলা খাতুন, সোহেলী আক্তার এবং শরিফা খাতুন দুটি করে উইকেট নেন। তবে ২৮ রানে তিন উইকেট নিয়ে বিকেএসপির জান্নাতুল ফেরদৌস ম্যাচ সেরা নির্বাচিত হন।