ইতিহাস গড়লো রোনালদিনহোর ক্লাব
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ২২:০৭
রোনালদিনহোর ক্লাব অ্যাতলেটিকো মিনেইরো প্রথমবারের মতো কোপা লিবারটেডোরেসের ফাইনালে উঠে ইতিহাস গড়লো। আর্জেন্টিনার নেওয়েলস ওল্ড বয়েজ দলের বিরুদ্ধে বুধবার পেনাল্টি শুটআউটে মিনেইরোর ৩-২ গোলের জয়ে অবদান রাখেন গোলরক্ষক ভিক্টর।
মিনেইরোর জয়ের সুবাদে ২০০৫ সালের পর থেকে প্রতিবারই ব্রাজিলের একটি দল ফাইনালে থাকার রেকর্ডটি অক্ষত থাকলো। ফাইনালে মিনেইরো তিনবারের চ্যাম্পিয়ন প্যারাগুয়ের অলিম্পিয়া ক্লাবের বিরুদ্ধে খেলবে।
অ্যাতলেটিকো মিনেইরো নিজেদের মাঠে নির্ধারিত সময়ে ২-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে খেলাটির ফল দাঁড়ায় ২-২। আর্জেন্টাইন দলটি এর আগে লিওনেল মেসির জন্মস্থান রোসারিওতে অনুষ্ঠিত খেলায় ২-০ গোলে জয়ী হয়েছিল। পেনাল্টি শুটআউটে রোনালদিনহো নিজের শটটি জালে পাঠাতে সক্ষম হন।
ভিক্টর এর আগে কোয়ার্টার ফাইনালেও দলের জয়ে নায়ক ছিলেন। সে খেলাটিতে মেক্সিকোর তিজুয়ানার বিরুদ্ধে ইনজুরি সময়ের পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিলেন মিনেইরোর এই গোলরক্ষক। কোপা লিবারটেডোরেস হলো দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর, অনেকটা ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের মতো। সুপার স্পোর্টস