যুক্তির শুদ্ধতায় নির্মিত হোক নারীর শত ভাবনা

সকাল থেকেই বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। এরই মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের কিছু শিক্ষার্থী। এরা সবাই সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ডিবেটিং ক্লাব (এসজিসি ডিসি)-এর সদস্য। তারা প্রস্তুতি নিচ্ছেন একটি আয়োজনের। আয়োজনটি ছিল—১ম এনডিএফ বিডি-এসজিসি ডিসি নারী বিতর্ক কর্মশালা ’১৩। ‘যুক্তির শুদ্ধতায় নির্মিত হোক নারীর শত ভাবনা’ এই স্লোগানকে ধারণ করে গত ৪ জুলাই ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)-এর সহায়তায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ডিবেটিং ক্লাব (এসজিসি ডিসি)-এর আয়োজনে অনুষ্ঠিত হয় এ আয়োজন। তিন শতাধিক নারী শিক্ষার্থীর মুখরতায় দিনব্যাপী এ আয়োজন প্রাণোচ্ছল হয়ে ওঠে। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় কোরআন তিলওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে। এর পর উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান একেএম শোয়েব এবং সভাপতিত্ব করেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ কানিজ মাহমুদা আক্তার। প্রধান অতিথির বক্তৃতায় একেএম শোয়েব বলেন, ‘কুসংস্কার, কুপমণ্ডুকতা ও অন্ধকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে মুক্তবুদ্ধি চর্চার কোনো বিকল্প নেই। সেই মুক্ত বুদ্ধিচর্চার অন্যতম অনুষঙ্গ হলো বিতর্ক। অধ্যক্ষ কানিজ মাহমুদা আক্তার তার বক্তৃতায় বিতর্ক চর্চার মধ্য দিয়ে সুনাগরিক হয়ে সকল স্তরে নারীর অধিকার রক্ষার আহ্বান জানান। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ডিবেট ক্লাবের মডারেটর তাসলিমা আক্তার ও শিক্ষিকা লতিফা ইয়াসমীন, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের কো-চেয়ারম্যান ফাহমিদা ইয়াসমিন তানিয়া। এর পর শুরু হয় সংসদীয় ফরমেটের প্রদর্শনী বিতর্ক। বিতর্কের বিষয় ছিল ‘অর্থনৈতিক মুক্তিই নারী মুক্তির প্রধান উপায়’। বিতর্কে অংশগ্রহণ করে তাসনোভা, সঞ্চিতা, অথৈ, নাঈম, নিয়ন ও ফাহাদ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের তারা একটি প্রাণবন্ত বিতর্ক উপহার দেয়। তারপর শুরু হয় সংসদীয় বিতর্কের উপর একটি কর্মশালা। কর্মশালাটি পরিচালনা করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের কো-চেয়ারম্যান আমিমুল এহসান ইমরান। সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ শুরু হয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কের বিষয় ছিল ‘আমারও ‘তো’ ইচ্ছে করে’। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের চমত্কার ও অভিনব ইচ্ছের কথা তুলে ধরেন। মধ্যাহ্ন বিরতির পর শুরু হয় আঞ্চলিক বিতর্ক। বিতর্কের বিষয় ছিল ‘আমার দেশের মাটি, সবার চেয়ে খাঁটি’। এ বিতর্কে অংশগ্রহণ করেন যথাক্রমে তানিয়া (ঢাকা), নাহিদা (সিলেট), আকাশ (পাবনা), তামজিদ (বগুড়া), সাম্মা (ব্রাহ্মণবাড়িয়া), রিফা (নোয়াখালী)। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল ৭১ টিভি, দৈনিক ইত্তেফাক, দ্য ইনডিপেন্ডেন্ট, বাংলানিউজ২৪.কম ও ঢাকা এফএম৯০.৪। এভাবেই ঝুম বৃষ্টির মধ্য দিয়ে প্রাণের মুখরতায় শেষ হয় যুক্তির শুদ্ধতায় নারীর শত ভাবনা নির্মাণের স্বপ্ন বুকে নিয়ে এ আয়োজন।