ব্যর্থতার দায় নিলেন ক্যারিবীয় অধিনায়ক
প্রকাশ : ১২ জুলাই ২০১৩, ২০:২২
ত্রিদেশীয় সিরিজে ব্যর্থতার দায় মাথা পেতে নিলেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলের অধিনায়ক ডোয়াইন ব্রাভো। ক্যারিবীয় দলটি নিজেদের মাঠে অনুষ্ঠিত সেলকন মোবাইল কাপ ত্রিদেশীয় সিরিজের প্রাথমিক পর্ব পেরোতে পারেনি এবং গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে ভারত এক উইকেটে শ্রীলংকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ওয়েস্ট ইন্ডিজ দলটি অবশ্য গ্রুপ পর্বে শ্রীলংকা এবং ভারতের বিরুদ্ধে দুটি ম্যাচেই জিতে ফাইনালের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল। জ্যামাইকায় অনুষ্ঠিত হয়েছিল খেলা দুটি। এরপর ত্রিনিদাদে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি ব্রাভোর দল। অপরদিকে ভারত ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলংকাকে ৮১ রানে হারালে স্বাগতিকদের ফাইনালে ওঠার পথ রুদ্ধ হয়ে যায়।
ব্রাভো পোর্ট অব স্পেনে বলেন, ‘অবশ্যই এটা (অধিনায়ক হওয়া) একটা বড় দায়িত্ব এবং দলের পারফরমেন্সের প্রতিচ্ছবি অধিনায়কের ওপরই বর্তায়। ইনজুরি কিংবা স্লথ বোলিং-এর মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অধিনায়ক হিসেবে আমাকে আরো কাজ করতে হবে। এটা আমার কাছে একটা নতুন ফরম্যাট, নতুন দায়িত্ব। সুতরাং আমাকে মানিয়ে নিতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা থেকে বের হয়ে আসতে চেষ্টা করব।’
এর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক কিয়েরন পোলার্ড শ্রীলংকার কাছে গত সোমবার ওয়েস্ট ইন্ডিজের ৩৯ রানের হারে দলের সমালোচনা করেছিলেন। পোলার্ড নিজে চার বল খেলে কোন রান না করেই আউট হলেও দলের উন্নতি প্রসঙ্গে ব্যাটসম্যানদের ব্যর্থতাকে দুষেন। বিশেষ করে ওই খেলাটিতে বোলাররা চটজলদি উইকেট নিয়ে দলকে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দেয়ার পরও।
ব্র্যাভো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে আরো ধারাবাহিকতা দেখানোর ব্যাপারে তার স্বদেশী ও দলসঙ্গীদের মনোভাবের সাথে একমত। তিনি বলেন, ‘ভুলগুলো চিহ্নিত করা অনেক সময় কঠিন হয়ে যায়। তবে একটা ভাল শুরু করার পরও সমাপ্তিটা এমন হতাশাজনক হওয়ার জন্য দলগতভাবে আমাদের সবাইকেই এর দায়িত্ব নিতে হবে।’
তিনি বলেন, ‘আপনারা জানেন দল হিসেবে আমরা ধারাবাহিক নই। একদিন আমরা দারুণ উন্নতির লক্ষণ দেখাই, এরপরই আবার পিছিয়ে পড়ি। ওয়ানডে র্যাংকিংয়ে উন্নতি করতে হলে এ দিকটাতেই আমাদের বেশি নজর দেয়া উচিত বলে আমি মনে করি।’ —বাসস