সংকট নিরসনে আজ ক্লাবগুলোর বৈঠক
প্রকাশ : ১৩ জুলাই ২০১৩, ২২:৪৫
দেশের শীর্ষ পর্যায়ের যে কোনো ক্রিকেটারের সঙ্গে দেখা হলেই এখন একটা সাধারণ প্রশ্ন আছে—লিগ হবে তো?
ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে সর্বশেষ এই সংশয়টা তৈরি হয়েছে আসলে ক্লাবগুলোকে অনুদান দেয়া, না দেয়ার কথা নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তিনি অনুদানের কোনো প্রতিশ্রুতি দেননি। আবার ক্লাবগুলো অনুদান পাওয়ার ব্যাপারে বেশ শক্ত অবস্থান নিয়েছে। ফলে ক্লাব বনাম বিসিবি এই নতুন টানাপোড়েনে লিগ নিয়ে সংশয় হতেই পারে।
আর এই সংশয় কাটাতেই আজ ক্লাবগুলো নিজেদের মধ্যে আলোচনায় বসবে। আলোচনায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী হবে, সেটা পরের কথা। তবে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট ক্লাব সমিতির সভাপতি মনজুর কাদের বললেন, মাঠে খেলা গড়ানোর উদ্দেশ্য মাথায় রেখেই সব আলোচনা করবেন তারা, ‘আমরা ক্লাবগুলো সবাই চাই, আগে খেলা হোক। খেলা নিয়ে কোনো আপত্তি করছি না আমরা। যা কিছু সমস্যা আছে, সেটা আলোচনার ভেতর দিয়েই সমাধান হয়ে যাবে বলে আশা করছি।’যদিও ক্লাবগুলোর মধ্যে এখন ত্রিমুখী অবস্থান তৈরি হয়েছে বলে গুঞ্জন আছে। গোটা দুয়েক ক্লাব আসলে গ্রেডিং পদ্ধতিই এখনও মেনে নিতে পারছে না। তারা এই পদ্ধতির আগেই কিছু খেলোয়াড়কে টাকা দিয়ে ফেলেছিল বলে শোনা যায়। আবার কয়েকটা ক্লাব বেশ শক্ত অবস্থানে—তারা অনুদানের টাকা না পেলে লিগই খেলতে চায় না। আর শীর্ষস্থানীয় ক্লাবগুলো আসলে আলোচনায় সমাধান করে খেলা মাঠে গড়াতে আগ্রহী।
এই ত্রিমুখী টানাপোড়েনের ব্যাপারে মনজুর কাদেরের ব্যাখ্যা অত্যন্ত পরিষ্কার, ‘এটাকে মতের ভিন্নতা না বলে প্রকাশভঙ্গির ভিন্নতা বলা ভালো। সবাই তো ঠিক এক ভঙ্গিতে কথা বলে না। ফলে একেকজন একেক ভাবে কথা বলবে, দাবি জানাবে; এটাই স্বাভাবিক। কিন্তু একটা ব্যাপার আমরা পরিষ্কার, কোনো ক্লাবই শেষ পর্যন্ত খেলাধুলার বিপক্ষে নয়। আমরা ক্লাব যে এই কষ্ট করে চালিয়ে যাই, সেটা তো মাঠে খেলা রাখার জন্যই। ফলে আলোচনা যাই করি, আমাদের উদ্দেশ্য খেলা।’ তবে এসব কথা বলার মানে এও নয় যে, তিনি ক্লাবগুলোর মূল দাবির অবস্থান থেকে সরে এসেছেন। মনজুর কাদের আবারও মনে করিয়ে দিলেন, ক্লাবগুলোর এই অনুদান চাওয়ার ন্যায্যতাটা, ‘আমি আগেও বলেছি, এই কোটি কোটি টাকা অলস ফেলে রাখার চেয়ে ক্রিকেটের উন্নয়নে ব্যয় হোক, সেটাই আমরা চাই। আমরা তো খুব বেশি টাকা চাইনি। একটা ব্যাপার বুঝতে হবে, সব ক্লাবের পক্ষে এই বিপুল খরচ চালিয়ে প্রতি বছর লিগে অংশ নেয়া খুব কঠিন। সেখানে অল্প কিছু অর্থ বিসিবি থেকে এলে কিছু ক্লাব খুব উপকৃত হয়। ফলে সেটা কেন করা হবে না? পাপন (নাজমুল হাসান) এটা নিশ্চিত বোঝেন। গত বছর ক্লাবগুলো যখন এই দাবি তুলেছিল, তখন সে আবাহনীর কর্মকর্তা হিসেবে আমাদের নেতৃত্বও দিয়েছিল। ফলে আমি নিশ্চিত, ন্যায্য দাবিকে সে গুরুত্বই দেবে।’