খন্দকার মো. আলী আসিম

স্কুল থেকে এসএসসি পাস করে নটরডেম কলেজে ভর্তি হন। ছোটবেলা থেকেই আউটডোর গেমসের প্রতি ঝোঁক ছিল। কলেজে এসে যোগ হলো ক্লাব অ্যাক্টিভিটিস। এইচএসসি পাস করার পর স্কুলে থাকাকালীন লক্ষ্য অনুযায়ী বিবিএ-তে ভর্তি হলেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। বিবিএ শেষ করলেন ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল বিজনেস মেজর নিয়ে। তারপর একটি ব্যাংকে কিছুদিন চাকরি করলেন। কিন্তু মন টিকল না। সময়ের সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেন। এরই মাঝে বেশকিছু পেশার অভিজ্ঞতা হয়ে যায় যেমন—ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ট্রাভেল এজেন্সি, ট্রেডিং বিজনেস, শিক্ষকতা। এমবিএ শেষ করতে না করতেই চাকরি পেয়ে গেলেন এসিআই লিমিটেডের কনজিউমার ব্র্যান্ড ডিভিশনের মার্কেটিংয়ে এক্সিকিউটিভ হিসেবে। সেই থেকেই মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিংয়ে পথ চলা শুরু। খন্দকার মো. আলী আসিমের কথা বলছি, এই সময়ের সফল একজন ব্র্যান্ড ব্যবস্থাপক তিনি। একজন ব্র্যান্ড নির্বাহী হিসেবে তার কাজ জানতে চাইলে খন্দকার মো. আলী আসিম বলেন, ‘এসিআই লিমিটেডে এক্সিকিউটিভ হিসেবে যোগ দিই মার্কেটিং ডিপার্টমেন্টে। বর্তমানে মার্কেটিংয়ের পরিধি বিশাল। বলা যেতে পারে ব্যবসার পুরো প্রক্রিয়াটিই মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত। পণ্য প্রস্তুত থেকে শুরু করে তা বিক্রয় সহায়ক করে ভোক্তার সন্তুষ্টি ও ভোক্তার উন্নতির সাথে ব্যবসার প্রসার ও উন্নয়ন সমস্ত কাজই মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত। আমার দায়িত্ব আমার অধীনে থাকা পণ্যের মাধ্যমে ভোক্তা সন্তুষ্টি অর্জন করা এবং তাদের অন্তর্নিহিত চাহিদা পূরণে নিত্যনতুন পণ্য সরবারহ করা।’ খন্দকার মো. আলী আসিম জানালেন, এই পেশা যথেষ্ট উপভোগ করেন তিনি। কারণ এই পেশার স্বার্থেই তিনি মানুষের কাছে থাকতে পারেন, মানুষকে জানতে পারেন। এই কাজে সবসময় নতুনত্ব আছে, নতুন কিছু শেখার আছে, জানার আছে এবং নতুন কিছু করার উদ্দীপনা আছে। জানার প্রতি প্রচণ্ড আগ্রহ, শেখার অদম্য ইচ্ছা, নতুন কিছু করার প্রয়াস এবং প্রতিটি কাজের ভিতরে ঢুকে প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে সম্পন্ন করাই আমার আনন্দ।’ খন্দকার মো. আলী আসিম মনে করেন, যেকোনো কাজে সফলতার জন্য প্রথম প্রয়োজন সততা। দ্বিতীয়ত প্রয়োজন কাজের প্রতি একাগ্রতা। তৃতীয়ত প্রতিটি কাজের প্রতি নিজস্ব দায়িত্ববোধ এবং স্ব-প্রণোদিত আগ্রহবোধই একজনকে এনে দিতে পারে তার পেশা বা কাজে সাফল্য। খন্দকার মো. আলী আসিমের ঢাকায় জন্ম, ঢাকাতেই বেড়ে ওঠা। তিন বোনের একমাত্র ছোট ভাই তিনি। ছোটবেলা থেকেই চুপচাপ স্বভাবের। তিন বোনের বিয়ের পর স্ত্রী আর মা-বাবাকে নিয়েই তার সংসার। স্ত্রী একটি স্বনামধন্য কোম্পানিতে মানবসম্পদ বিভাগে নিজের স্বকীয়তায় এক্সিকিউটিভ পদে নিয়োজিত আছেন। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। আত্মীয়-স্বজন সবাইকে নিয়েই আমাদের সুখী পরিবার। নির্ভেজাল জীবন ও সততার সাথে দেশের মানুষের উন্নতি করাই খন্দকার মো. আলী আসিমের স্বপ্ন। খন্দকার মো. আলী আসিম ডাকনাম :লাবিব জন্মতারিখ ও স্থান :০১ নভেম্বর, ঢাকা মায়ের নাম :আসমত আরা বেগম বাবার নাম :খন্দকার মোহাম্মাদ আলী প্রথম স্কুল :আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রিয় মানুষ :মা প্রিয় উক্তি :অতিরিক্ত কোনো কিছুই ভালো না। প্রিয় পোশাক :জিন্স প্যান্ট ও পাঞ্জাবি অবসর কাটে যেভাবে :ভ্রমণ করে ও বই পড়ে সাফল্যের সংজ্ঞা :বেস্ট ইজ ইয়েট টু কাম।