এটিএম শামসুজ্জামানের চিকিৎসায় ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। সোমবার সকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ঢাকায় হাসপাতালে চিকিৎসারত এটিএম শামসুজ্জামানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেখতে যান। এ সময় ১০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন বিপ্লব বড়ুয়া।

অসুস্থ এটিএম শামসুজ্জামানের পক্ষে তার মেয়ে চেকটি গ্রহণ করেন। ব্যারিস্টার বড়ুয়া তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন এটিএম শামসুজ্জামান। হঠাৎ অসুস্থবোধ করায় গত ২৬ এপ্রিল দিবাগত রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে। একই হাসপাতালে ২৭ এপ্রিল এই অভিনেতার শরীরে অস্ত্রোপচার হয়েছে। এরপর ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়লে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

আরও পড়ুন: ব্রিজ আছে সড়ক নেই, দুর্ভোগে এলাকাবাসী

এটিএম শামসুজ্জামান অভিনয়ে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক। অভিনয়ের পাশাপাশি তিনি একজন প্রযোজক, চিত্রনাট্যকার এবং নির্মাতাও।

ইত্তেফাক/বিএএফ