রামগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ছুরিকাঘাতে জখম

লক্ষ্মীপুরের রামগঞ্জ লামচর ইউপি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহফুজ পাটোয়ারী দলীয় সমর্থকের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। উপজেলার রসুলপুর বেড়িবাজারে রবিবার বিকেলে সামগ্রী বিতরণকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেন।

সুত্রে জানায়, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান ব্যক্তিগত উদ্যোগে ২ হাজার ২শত ৫০টি দুস্থ পরিবারের মাঝে রবিবার বিকেলে লামচর ইউপি কার্যালয়ের সামনে ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধন করেন। এমপি মঞ্চ থেকে যাওয়ার কিছুক্ষণ পরেই ইফতার সামগ্রীর প্যাকেট নিয়ে দাসপাড়া ওয়ার্ডের স্বেচ্ছাসেবকলীগের সমর্থক আনোয়ার হোসেনের সঙ্গে লামচর ইউপি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহফুজ পাটোয়ারীর বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে আনোয়ার এবং মাহফুজের সমর্থকেরা বেড়ির বাজারে জড়ো হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে আনোয়ার ছুরি দিয়ে মাহফুজের পেটে আঘাত করে। এতে মাহফুজ মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে কথা বলতে মোবাইলে বারবার চেষ্টা করেও আনোয়ার হোসেনকে পাওয়া যায়নি। তবে তার ভাই ফরহাদ হোসেন বলেন, ইউপি কার্য়ালয়ে ইফতার সামগ্রী বিতরণের সময় মাহফুজ এবং তার লোকজন আনোয়ারকে মারধর করে। এতে ক্ষীপ্ত হয়ে বাজারে মাহফুজকে পেয়ে ছুরিঘাত করে।

আরও পড়ুনঃ ফুলবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রামগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, সৃষ্ট ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।

ইত্তেফাক/নূহু