ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব-মারসিবল পাম্পটি অকেজো হয়ে পড়ায় গত বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত টানা ৫ দিন স্বাস্থ্য কমপ্লেক্স ও আবাসিক ভবন গুলোতে পানি সরবরাহ বন্ধ আছে। এতে নাভিশ্বাস উঠেছে হাসপাতালে আসা রোগী ও আবাসিকদের। দুর্গন্ধে ও পানির অভাবে অনেক রোগী স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভন জানান, বৃহস্পতিবার বিকেলে পাম্পটি অকেজো হয়ে পড়ে। তাৎক্ষনিক ভাবে ঊর্র্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে। স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রোগীদের চিকিৎসা দিতে মারাত্মক অসুবিধা হচ্ছে।
সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে দেখা গেছে, রোগীরা ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছাড়েছন। আলি মুনছুর শেখ (৬৫), সেলিম শেখ (৪০), আব্দুস ছালাম মোল্যা (২৫), হাশেম আলী মোড়ল (৭০) সুধান্য বৈরাগীসহ (৭০) কয়েকজন রোগী জানান, নিচের নলকূপ থেকে পানি সংগ্রহ করে কোনো মতে টয়লেট ব্যবহার করতে হচ্ছে। তাছাড়া দুর্গন্ধে ওয়ার্ডে থাকা দায় হয়ে পড়েছে। মনে হয় হাসপাতালটি এখন নিজেই রোগী হয়ে পড়েছে।
কর্তব্যরত চিকিৎসক ডা. নিরঞ্জন ঘোষ তুহিন জানান, গরমে ডায়রিয়া ও জ্বরের রোগী চাপ রয়েছে। পানি ছাড়া চলা খুব কঠিন হয়ে পড়েছে।
খুলনা জেলা সিভিল সার্জন আব্দুর রাজ্জাক ইত্তেফাককে জানান, বিষয়টি আমার জানা নেই। পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, বিষয়টি আমি এই মাত্র জানতে পারলাম। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় গৃহবধূকে এসিড নিক্ষেপ
স্বাস্থ্য অধিদপ্তর খুলনার নির্বাহী প্রকৌশলী কাজী শামসুল আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
উপ সহকারী প্রকৌশলী আবু বাসেত মোবাইল ফোনে বলেন, পাম্প মেশিনটি সোমবার সকালে মেকানিক দিয়ে তোলা হয়েছে।
ইত্তেফাক/অনি