যুব বিশ্বকাপ জিতলো ফ্রান্স
প্রকাশ : ১৪ জুলাই ২০১৩, ২২:০৮
সেই জিনেদিন জিদানদের আমলে বিশ্বকাপ আর ইউরো চ্যাম্পিয়নশিপের পর আর বড় কোন শিরোপা জয় করতে পারেনি ফরাসীরা। ধরে নেয়া হয়েছিল, ফ্রান্সের ফুটবল সূর্য একেবারেই ডুবতে বসেছে। এবার ফ্রান্সকে স্বপ্ন দেখার একটা উপায় করে দিল দেশটির যুবারা। গত রাতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছে ফরাসিরা।
নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল ছিল না। গোলের দেখা মেলেনি অতিরিক্ত সময়েও। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এ পর্যায়ে এসে ভাগ্যের পরশ পায় ফরাসিরা। রোমাঞ্চকর ফাইনালে উরুগুয়েকে শেষ পর্যন্ত ৪-১ গোলে হারাতে পেরেছে ফ্রান্স যুব দল।
তরুণ ফুটবলারদের সফলতায় উচ্ছ্বসিত কোচ মানকোভস্কি। তার চোখে এটি ফরাসি ফুটবলের জন্য দারুণ এক অর্জন। ফ্রান্সের প্রথম অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসতে ভাসতে মানকোভস্কি বলেন, ‘আমরা খুবই সন্তুষ্ট, ভীষণ খুশি। আমি সব সময় বলেছি, এই দলের শিরোপা জয়ের ভালো সুযোগ আছে। সত্যি বলতে, শুরু থেকে এই বিশ্বাসটা আমার মাঝে ছিল।’
ফ্রান্স-উরুগুয়ে ফাইনালের আগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারণী লড়াই। এ লড়াইয়ে যুদ্ধবিধ্বস্ত ইরাককে ৩-০ গোলে হারায় ঘানা।