অক্টোবরে চলে যাচ্ছে প্রিমিয়ার লিগ!

এটা আগেই অনুমান করা যাচ্ছিল। ক্লাবগুলোর তরফ থেকে নানাভাবেই ইঙ্গিত দেওয়া হচ্ছিল, তারা এই বর্ষার সময় লিগ খেলবেন না এবং ঈদের আগে দলবদল করবেন না। শেষ পর্যন্ত কাল নিজেদের বৈঠকে সেই সিদ্ধান্তই নিল ঢাকা প্রিমিয়ার লিগ ক্লাব সমিতি। গতকাল সন্ধায় সমিতি সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রিমিয়ার লিগের দলগুলো একমত হয়েছে যে, তারা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশকে (সিসিডিএম) অনুরোধ করবে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দলবদল করার জন্য। সেই সঙ্গে তারা আর্ন্তজাতিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে এর পর উপযুক্ত সময়ে লিগ আয়োজনের জন্যও বলবেন। এই সিদ্ধান্তের কথা জানিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ ক্লাব সমিটির সভাপতি মনজুর কাদের সিদ্ধান্ত গ্রহণের কারণও ব্যাখ্যা করে বললেন, ‘প্রথমত বর্ষার সময়, এই সময়ে খেলা চালানো কার্যত অসম্ভব ছিল। তার ওপর রোজার মাসেএই দলবদলের প্রস্তুতি নেওয়াটাও কঠিন ছিল। সবচেয়ে বড় কথা, আমরা ক্লাবগুলো তো টাকা পয়সার ব্যাপারে পৃষ্ঠপোষকদের ওপর নির্ভর করি। তারা এই ঈদের আগে টাকা দিতে হয়তো সমস্যায় পড়তেন। সব মিলিয়ে ক্লাবগুলো এই সেপ্টেম্বর পরবর্তী সময়ে লিগ আয়োজনই যথার্থ মনে করছে।’ এই লিগ মূলত আয়োজন করার কথা ছিল গেল মার্চ মাসে। ২০১২-১৩ মৌসুমের লিগটা আইনত জুন মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। ক্যালেন্ডারের হিসাবে অন্তত সে সময় পার করে এখন ২০১৩-১৪ মৌসুম শুরু হয়ে গেছে! তারপর একটার পর একটা বিপাকে লিগ পেছাচ্ছেই। ক্লাব-বিসিবি-খেলোয়াড় দ্বন্ধে লিগ মাঝে বন্ধই হতে বসেছিল। সে সমস্যা সমাধানের পর সর্বশেষ আকসু রিপোর্টের জন্য লিগ পেছানো হয়েছিল। আকসু রিপোর্টের আসা ছেড়েও লিগের দলবদলের তারিখ ঘোষণা করা হয়েছিল ২৫ জুলাই এবং ২৯ আগস্ট লিগ শুরুর কথা। এখন ক্লাবগুলো চাইছে দলবদলের তারিখটাই সেপ্টেম্বরে নিয়ে যেতে। সেটা সেপ্টেম্বরের ১ থেকে ৭ তারিখের মধ্যে যে কোনো দিন হতে পারে। তারা লিগ কবে শুরু করতে চান, সেটা পরিষ্কার করে বলেননি। তবে এক ক্লাব কর্মকর্তা বললেন, ‘দলবদলের পর তিন-চার সপ্তাহ তো গুছিয়ে নেওয়ার সময় দিতে হবে।’ এই কথাতেই পরিষ্কার যে অক্টোবরের আগে লিগ চাচ্ছে না ক্লাবগুলো। অক্টোবরে লিগ শুরু করে আবার চার মাস পরে আরেকটা লিগের সূচি! এ অবস্থায় অক্টোবরে কী এবারের লিগ আদৌ আয়োজন সম্ভব হবে। শেখ জামাল ধানমন্ডি ক্রীড়াচক্রের সভাপতি ও ক্লাব সমিতির সভাপতি মনজুর কাদের মনে করছেন এই জুলাই-আগস্টের চেয়ে বরং অক্টোবরেই লিগ হওয়া বেশি বাস্তবসম্মত, ‘এই আজই (গতকাল) শেখ জামাল আর মোহামেডানের মহিলা ক্লাব কাপের একটা ম্যাচ ছিল; বৃষ্টিতে হয়নি। জুলাই-আগস্টে প্রিমিয়ার লিগ হলে এমনটাই হত। বরং অক্টোবরে অনেক বেশি খেলা হওয়ার সুযোগ থাকে। তাই আমরা একটাকেই বাস্তব মনে করছি। আর দুটো লিগ পরপর আয়োজন চ্যালেঞ্জিং হলেও সবাই হাত মেলালে সম্ভব।’ লিগ বিষয়ে এসব আলোচনার পাশাপাশি অনুদান প্রসঙ্গে আলোচনাও হয়েছে। এ ব্যাপারে ক্লাবগুলো একটু অভিমানী অবস্থান নিচ্ছে। মনজুর কাদের পরিষ্কার বললেন, ‘আমরা কোনো ক্লাব ব্যক্তিস্বার্থে টাকা চাইনি; ক্রিকেটের জন্যই চেয়েছিলাম। এখন বোর্ড সভাপতি দিলে আমরা টাকা নেব। নইলে আর এ নিয়ে আমরা কথা বলবো না।’ গতকাল এসব বিষয়ে বাংলাদেশের শীর্ষ ১২ ক্লাবই মোটামুটি একমত হয়েছে। ১২ ক্লাবের মধ্যে শুধু ভিক্টোরিয়ার স্পোর্টিংয়ের দুই শীর্ষ কর্মকর্তা দেশের বাইরে থাকায়, তাদের কোনো প্রতিনিধি ছিলেন না সভায়।