বিশ্বকাপ দাবায় জিয়ার প্রতিপক্ষ রানার্সআপ গেলফান্ড
প্রকাশ : ১৪ জুলাই ২০১৩, ২২:১১
বিশেষ কোন প্রস্তুতি ছাড়াই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স খেলতে যাচ্ছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। নক আউটভিত্তিক প্রথম রাউন্ডেই তাকে ডিফেন্ডিং রানার আপ ইসরাইলের গ্র্যান্ডমাস্টার বোরিস গেলফান্ডের মুখোমুখি হতে হচ্ছে। আগামী ১০ আগস্ট নরওয়ের ট্রমসোয় শুরু হচ্ছে এ আসর। এতে বিশ্বের সেরা ১২৮ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবেন। জিয়া আত্মপ্রত্যয়ী কণ্ঠে বলেন, ওয়ার্ল্ড র্যাংকিংয়ের সর্বোচ্চ রেটিংধারী গ্র্যান্ডমাস্টার নরওয়ের ম্যাগনাস কার্লসেন, যার রেটিং ২৮৬২ এবং দ্বিতীয় সর্বোচ্চ রেটিংধারী আর্মেনিয়ার লেভন অ্যারিয়ান, যার রেটিং ২৮১৬। তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে। জিয়ার প্রতিপক্ষ গেলফান্ডের রেটিং হচ্ছে ২৭৭৩। ওয়ার্ল্ড র্যাংকিংয়ে তার অবস্থান নবম। অন্যদিকে জিয়ার রেটিং ২৪৭৫। অর্থাত্ প্রতিপক্ষ একে অপরের রেটিং ব্যবধান প্রায় ৩০০। কাজেই লড়াইটা জিয়ার জন্য সহজ হবে না। এ প্রসঙ্গে এশিয়ান জোনাল দাবার চ্যাম্পিয়ন জিয়া জানান, বিশ্বসেরা গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। সে অভিজ্ঞতার আলোকে তিনি সর্বোচ্চ ভাল খেলার চেষ্টা করবেন। দুই ম্যাচের একটি অন্তত ড্র করার স্বপ্নের জাল বুনছেন জিয়া।
উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ দেশের হয়ে প্রথম ১৯৯৭ সালে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স খেলার সুযোগ পান। এরপর ২০০৭ সালে দুই গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও জিয়া এবং ২০১১ সালে সর্বশেষ অংশগ্রহণ করেন জিয়া। এবারো তিনি খেলতে যাচ্ছেন শ্রীলংকায় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হবার সুবাদে। তবে এদের মধ্যে রাজীবই প্রথম রাউন্ড উতরে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা দেখান। জিয়া বলেন, কোয়ালিফায়ার্স রাউন্ডে পার্টিসিপেশন মানি হিসেবে পাঁচ হাজার মার্কিন ডলার পাওয়া যাবে। দাবা ফেডারেশন ঢাকা-নরওয়ে টিকিট দেবে। এ জন্য ফেডারেশন ওয়ালটনের কাছে স্পন্সরের জন্য চেষ্টা করছে। যদিও টিকিট এখনো হাতে এসে পৌঁছেনি। তিনি জানান, ভিসা প্রসেসিং চলছে। আশা করছি আগামী দশ দিনের মধ্যেই পেয়ে যাব। এক প্রশ্নের জবাবে জিয়া জানালেন, যে কোন দেশই ওয়ার্ল্ড কাপের জন্য বিশেষ প্রস্ততি নিয়ে থাকে। আমি এ নিয়ে তিনবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স খেলতে যাচ্ছি কিন্তু বিশেষ প্রস্তুতি নিয়ে খেলতে যেতে পারছি না। ফেডারেশনও তা করে দিতে পারছে না। কাজেই কোচবিহীন নিজে নিজে প্রস্তুতি নিয়েই খেলতে যেতে হচ্ছে। ফলে নির্দিষ্ট একটি গণ্ডির বাইরে বেরিয়ে আসা সম্ভব হচ্ছে না। এক প্রশ্নের জবাবে জিয়া জানান, ভিসা, টিকিট হয়ে গেলে ৫ আগস্ট নরওয়ের উদ্দেশ্য রওনা হবেন এবং সেখানে গিয়ে সম্ভব হলে ওয়ার্ল্ড কাপে খেলতে আসা খেলোয়াড়দের সঙ্গে প্রস্তুতিমূলক ম্যাচ খেলার চেষ্টা করবেন।