উইকিলিকসের প্রতিষ্ঠাতা কারাবন্দি জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের তদন্ত ফের চালু করার সিদ্ধান্ত নিল সুইডেন। সোমবার সুইডেনের সরকারি আইনজীবী কাউন্সিলের উপপ্রধান ইভা-মারি পার্সন এই ঘোষণা দেন।
গত এপ্রিল মাসে লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে গ্রেফতার করা হয় ৪৭ বছর বয়সি অ্যাসাঞ্জকে। জামিন অগ্রাহ্য করার অপরাধে তাঁকে ৫০ সপ্তাহের কারাদণ্ড দিয়েছে ব্রিটিশ আদালত। কিন্তু সুইডেন সরকারের সাম্প্রতিক ঘোষণার অর্থ, ব্রিটেন থেকে সুইডেনে ফেরানো হতে পারে অ্যাসাঞ্জকে।
পার্সন জানিয়েছেন, ‘ধর্ষণ ও আর একটি অভিযোগের তদন্ত সম্পূর্ণ করতে চাওয়ার পিছনে এখনও কিছু কারণ রয়েছে।’ তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অ্যাসাঞ্জ নিজে।
এর আগে অ্যাসাঞ্জকে ফিরে পেতে বন্দি প্রত্যার্পণ নীতি অনুযায়ী আবেদন জানিয়েছিল আমেরিকাও। তাঁর বিরুদ্ধে প্রযুক্তি ব্যবহার করে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে মার্কিন আদালতে, যার জেরে ৫ বছরের কারাদণ্ড হতে পারে।
আরো পড়ুন: জাহালমের ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের এখতিয়ার নিয়ে দুদকের আবেদন খারিজ
যুক্তরাষ্ট্রের অভিযোগ, তৎকালীন সেনা গোয়েন্দা বিভাগের গবেষক চেলসি ম্যানিংয়ের সঙ্গে ষড়যন্ত্র করে গোপন সরকারি গোপন কম্পিউটারের পাসওয়ার্ড হাতিয়েছিলেন অ্যাসাঞ্জ।
ইত্তেফাক/টিএস