রাইজিং গার্লস হারালো বিকেএসপিকে

মহিলা ক্লাব ক্রিকেটের গত সোমবারের ম্যাচে রাইসিং গার্লস ক্রিকেট একাডেমী ৪৬ রানে হারিয়েছে বিকেএসপিকে। তবে বৃষ্টির কারণে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার অপর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামা রাইজিং গার্লস নির্ধারিত ৪০ ওভারে পাঁচ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে। নিগার সুলতানা দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন। রান তাড়ায় নামা বিকেএসপি ফাতিমা আক্তার এবং আলেয়া আক্তারের বোলিং তোপে ৩১ ওভারে মাত্র ১১৫ রানেই গুটিয়ে যায়। ফাতিমা আট এবং আলেয়া তিন রানের বিনিময়ে তিনটি করে উইকেট লাভ করেন। বিজয়ী দলের নিগার সুলতানা ম্যাচ সেরা নির্বাচিত হন। অন্যদিকে সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি একটি বলও।