গাইবান্ধার গোবিন্দগঞ্জে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোমবার থানায় মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় উপজেলার ফাঁসিতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থ শিশুটি বর্তমানে গাইবান্ধা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) আবু বক্কর সিদ্দিক মামলার সূত্রের বরাত দিয়ে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর (বাজিতপুর) গ্রামের ৯ বছরের এক অসুস্থ শিশুকে ডাক্তার দেখানোর জন্য গত রবিবার বিকেলে তার দাদা স্থানীয় ফাঁসিতলা বাজারে নিয়ে যায়। সেখানে ডাক্তার দেখানোর পর তাকে ফাঁসিতলা-দাঁড়িদহ রাস্তার মোড়ে একটি দোকানের সামনে বসে রেখে তার দাদা জরুরী কাজে বাজারে যান।
এ সময় অজ্ঞাত এক ব্যক্তি ওখানে এসে তার বান্ধবীর মামা পরিচয় দিয়ে তার সঙ্গে সখ্যতা গড়ে তোলে। এক পর্যায়ে শিশুটিকে চকোলেট কিনে দেওয়ার কথা বলে ওখান থেকে নিয়ে যায়। পার্শ্ববর্তী আখ ক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। কিছুক্ষণ পর শিশুটি আখ ক্ষেতের ভিতর থেকে ক্ষত-বিক্ষত ও কাঁদামাটি মাখা অবস্থায় কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তার দাদা শিশুটিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলাম জানান, শিশুটিকে আরও উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার বিকালে গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীনুল ইসলাম বলেন, শিশুটিকে সোমবার সকালে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এখন তার কি অবস্থা তা তিনি এই মুহূর্তে বলতে পারবো না। সে বর্তমানে মহিলা ডাক্তারের নিকট চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ রংপুরে দুই শিশু ধর্ষক গ্রেফতার
গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদি হাসান জানান, এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/নূহু