মাঠের ফুটবলাররাও কোচিং লাইসেন্স করতে আগ্রহী
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২১:৩৯
ফুটবল কোচিংয়ে আসছেন দেশের সাবেক এবং বর্তমান ফুটবলাররা। জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ আহমেদ খেলা ছেড়ে দিয়ে মোহামেডানের মহিলা ফুটবল প্রশিক্ষণের খণ্ডকালীন দায়িত্ব নিলেও তিনি এবার লাইসেন্স করে পেশায় আসতে চাইছেন। আবেদন জমা দিয়েছেন বাফুফের কাছে। বাফুফে আগামী আগস্টে সি লাইসেন্স কোর্সের আয়োজন করছে। ৭০টির বেশি আবেদন জমা পড়েছে। শুধু সাবেক ফুটবলারই নয় মাঠের ফুটবলারও আসছেন কোচিংয়ে। জাতীয় দলের বর্তমান ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরীও কোচিং লাইসেন্স করার জন্য আবেদন করেছেন। খেলার মাঠে থেকেও কোচিং করাটাই ভালো মনে করছেন সাবেক ফুটবলার হাসানুজ্জমান খান বাবলু। কারণ কোচিং কোর্সের প্র্যাকটিক্যাল পরীক্ষায় দেয়া হয় ৭৫ ভাগ নম্বর। খেলোয়াড় থাকা অবস্থায় সি লাইসেন্স করতে পারলে সেটা ভালো-বললেন বাবলু। বাফুফের সহসভাপতি বাদল রায় বললেন সবার আবেদন যাচাই বাছাই করে চূড়ান্ত করা হবে।
জাতীয় দলের আরেক সাবেক মিডফিল্ডার রেজাউল করিম লিটন, স্ট্রাইকার মাকসুদুল আলম বুলবুল, সাইফুর রহমান মনি, স্ট্রাইকার রাজকুমার, একরাম রানা, শাহজাদা, গোলকিপার রকিব মাহমুদ আপেল, রিক্ত, পিটার, আমিন রানারাও আবেদন করেছেন কোর্স করার জন্য।
পুরুষ ফুটবলারদের পাশাপাশি এবার মহিলা ফুটবলারও কোচিং কোর্স করার জন্য আবেদন করেছেন। মহিলা জাতীয় ফুটবল দলের নিয়মিত খেলোয়াড় তৃষ্ণা চাকমা এবং মাহমুদা শরিফা এখনই কোচিং কোর্স করতে আগ্রহী। কারণ তাদের ইচ্ছা ফুটবল থেকে বিদায় নিয়ে কোচিংয়ে জড়িয়ে থাকতে চান। সাবেক ও বর্তমান ফুটবলারদের পাশাপাশি অনেক সংগঠকও লাইসেন্স করতে চেয়ে আবেদন করেছেন। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং ডিএফএ’র কর্মকর্তাও লাইসেন্স করতে চান। এতো আগ্রহ দেখে বাফুফের কর্মকর্তারা খুশি। তবে সবাইকে নেয়া সম্ভব হচ্ছে না। বাছাই করে সুয়োগ দেয়া হবে। কারণ যারা লাইসেন্স করবেন তারা মাঠে কতটুকু কাজ করবেন তা ভেবে দেখবে বাফুফে। নামকাওয়াস্তে একটা লাইসেন্স করার জন্য কাউকে নেয়া হবে না।
লাইসেন্স কোর্স হওয়াটা ফুটবলের জন্য ভালো। কারণ যত বেশি কোচিং কোর্স হবে, তত বেশি খেলোয়াড় তৈরির সুযোগ বাড়বে। জেলা বিভাগীয় শহর থেকেও আগ্রহীরা নাম পাঠিয়েছেন কোর্স করার জন্য। অনেকের যোগ্যতা নেই কোর্স করার। তারপরও বাফুফে বিষয়টি সূক্ষভাবে বিচার করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কোর্স হবে ২১ দিনের। কোর্স পরিচালনা করবেন সাইফুল বারী টিটু এবং বাফুফের বায়েজিদ জুবায়ের নিপু। বর্তমানে দেশে সি লাইসেন্স ৩০, বি লাইসেন্স ২৮ এবং এ লাইসেন্স করা কোচ রয়েছেন ১৮ জন।