এনক্রিপ্টেড ম্যাসেজিং সার্ভিস ‘হেমলিস’-এর যাত্রা শুরু

চ্যাটিং বা ইন্সট্যান্ট ম্যাসেজিং সার্ভিস ব্যবহার করে থাকেন ইন্টারনেট ব্যবহারকারীর প্রায় সবাই। তবে সব ইন্সট্যান্ট ম্যাসেজিং সার্ভিস এর গ্রাহকদের তথ্য সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা প্রদান করে না। এই নিশ্চয়তা দিতেই তৈরি হয়েছে এনক্রিপ্টেড ম্যাসেজিং সার্ভিস ‘হেমলিস’। এটি তৈরি করেছেন ফাইল শেয়ারিংয়ের জনপ্রিয় সাইট পাইরেট বে’র অন্যতম প্রতিষ্ঠাতা পিটার সানডে। একদিকে যখন প্রযুক্তি বিশ্বের উপর বিভিন্ন দেশের সরকারের গোয়েন্দা সংস্থাগুলো নজরদারি করা শুরু করেছে, তখন তার বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এই অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে বলেই জানিয়েছেন নির্মাতা পিটার। পিটার জানিয়েছেন, অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য তৈরি এই অ্যাপ্লিকেশনটি এর ব্যবহারকারীদের উভয় প্রান্তেই এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রদান করতে সক্ষম। হোয়াটসঅ্যাপ কিংবা আইম্যাসেজ অ্যাপ্লিকেশনগুলোর প্রতিদ্বন্দ্বী হিসেবে ইতোমধ্যেই একে ভাবতে শুরু করেছেন অনেকেই। তবে এর নির্মাতাদের দাবী, অন্যান্য অ্যাপ্লিকেশনের চাইতে এটি অনেক বেশি ব্যবহারবান্ধব হবে। এর ব্যবহার অনেক সহজ হবে বলে জানিয়েছে তারা। ক্রাউডসোর্সিং হিসেবেই তৈরি করা হচ্ছে এই অ্যাপ্লিকেশন। এর নির্মাতারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এর তথ্যের নিরাপত্তার দিকেই। এ সম্পর্কে পিটার বলেন, ‘তথ্যের সুরক্ষা নিয়েই আমরা সবচেয়ে বেশি চিন্তা করেছি। আমরা চেয়েছি যাতে এর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কারও হাতেই না পড়ে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এটি ব্যবহার করলে কেউই আপনার উপর নজরদারি করতে পারবে না এবং এমনকি আমরা নিজেরাও পারব না।’