নতুন রূপে বাংলাদেশ ব্র্যান্ড

অনলাইনে দেশি ব্র্যান্ডের পণ্যের সমাহার নিয়ে নতুন রূপে যাত্রা শুরু করেছে অনলাইন শপ বাংলাদেশ ব্র্যান্ড (http://bangladeshbrands.com)। টানা দুই বছর ধরে পরীক্ষা-নিরীক্ষা শেষে নকশা, কারিগরি ও বাণিজ্যবান্ধব নানা ফিচার যুক্ত করার পর আবার একে চালু করল ফিউচার সলিউশন ফর বিজনেস (এফএসবি)। ৩০টিরও বেশি দেশি ব্র্যান্ডের পোশাক, জুতা, জুয়েলারি, বইসহ নানা ধরনের পণ্য নিয়ে চালু হয়েছে এই সাইটটি। এই অনলাইন শপ থেকে ঘরে বসেই পণ্য কেনাকাটার সুযোগ পাবে ক্রেতারা। ভিসা কার্ড, মাস্টার কার্ড, ব্রাক ব্যাংকের কার্ড, ডাচ-বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড, কিউ-ক্যাশ কার্ড, বিকাশ প্রভৃতি ব্যবহার করেই পণ্যের দাম পরিশোধ করা যাবে এই সাইটে কেনাকাটায়। রয়েছে হোম ডেলিভারির সুবিধা। সম্প্রতি এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপটির উদ্বোধন করেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার, জাতীয় রাজস্ব বোর্ডের মহাপরিচালক কানন কুমার রায়, কিউক্যাশের সিও কাজী শফিউদ্দিন মুনির, এফএসবি চেয়ারম্যান নুরুর রহমান খান প্রমুখ।