দৌড়াচ্ছেন না ব্লেকও

টাইসন গে, আসাফা পাওয়েলের পর এবার বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নেয়া হচ্ছে না ইয়োহান ব্লেকেরও। তবে প্রথম দুজনের মতো মাদক কেলেঙ্কারি নয়, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আগামী মাসে মস্কোতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না তিনি। ১০০ মিটার স্প্রিন্টের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এই জ্যামাইকানের এজেন্ট কিউবি সিগোবিন গত মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানান। জ্যামাইকাতে গত এপ্রিল মাসে অনুষ্ঠিত ইউটেক ক্লাসিক চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান ব্লেক। সেই চোট থেকে এখন পর্যন্ত পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্যই হলেন এই ২৩ বছর বয়সী গতি তারকা। সিগোবিন বলেন, ‘এ বছরের এপ্রিলে যে ইনজুরিটি হয়েছিল সেটিই সমস্যা সৃষ্টি করেছে। তার মানের পারফরমেন্স দেখাতে হলে যে পর্যায়ের ফিটনেস প্রয়োজন, এই মুহূর্তে তার সেটি নেই।’ এর আগে গত রবিবার ডোপ টেস্টে উত্রাতে না পেরে টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ হারিয়েছেন দুই আমেরিকান স্প্রিন্টার গে এবং ১০০ মিটারের সাবেক বিশ্বরেকর্ডধারী পাওয়েল। একই কারণে দৌড়ানো হচ্ছে না অলিম্পিক স্বর্ণপদক জয়ী জ্যামাইকান মহিলা দৌড়বিদ শ্যারোন সিম্পসনেরও। এবার তাদের তালিকায় যুক্ত হলো ব্লেকের নামও। দেগুতে ২০১১ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপের গত আসরে দ্বিতীয় অবস্থানে থেকে দৌড় শেষ করেন ব্লেক। তবে প্রথম স্থানে থাকা উসাইন বোল্ট ডিসকোয়ালিফাইড ঘোষিত হলে শেষ পর্যন্ত স্বর্ণপদক জেতেন ব্লেকই। এছাড়া ৯.৬৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ইতিহাসের দ্রততম দৌড়বিদের তালিকায় গে’র সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ব্লেক। তবে এই তালিকায় সবার ওপরে আছেন টানা দুবারের অলিম্পিক স্বর্ণপদক জয়ী বোল্টই।